
অ্যাঞ্জেলিনা জোলি অস্কারজয়ী অভিনেত্রী। জয় করেছেন ক্যানসার রোগকেও। ২০১৩ সালে স্তন ক্যানসারের ঝুঁকিমুক্ত হতে দ্বৈত স্তন অপসারণ করান। আবার ২০১৫ সালে এসে ডিম্বাশয়ও ফেলে দেন ক্যানসারমুক্ত থাকতে। তার পরও উদ্যম কমেনি এই হলিউড তারকার। নিজের আছে তিন সন্তান, দত্তকও নিয়েছেন আরও তিন শিশু। নিজের সাহস ও বেঁচে থাকার লড়াই নিয়ে ২০১৩ ও ২০১৫ সালে দুটি কলাম লিখেছেন দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায়। জোলির এই লেখা দুটি যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা দুনিয়ায় তুলেছে ঝড়। চালু হয়েছে ‘অ্যাঞ্জেলিনা ইফেক্ট’ নামের একটা ধারা, যা নারীদের মধ্যে স্তন ও ডিম্বাশয় ক্যানসার সম্পর্কে সচেতনতা আগের চেয়ে অনেক বাড়িয়েছে।
জোলির নিজের লেখা কলামের নির্বাচিত অংশ ও ‘অ্যাঞ্জেলিনা ইফেক্ট’ নিয়ে এ আয়োজন। সঙ্গে থাকছে বিশেষজ্ঞদের মতামতও।
চারদিকে তোলপাড় পড়ে গেল। ২০১৩ সালে দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকায় অ্যাঞ্জেলিনা জোলির লেখা পড়ে নড়েচড়ে বসলেন অনেকেই। এত ভয়ংকর একটা রোগের সঙ্গে কতটা সাহস নিয়েই না লড়াই করলেন জোলি। চারদিক থেকে প্রশংসা আসতে লাগল। বিষয়টা প্রশংসা পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই হতো; কিন্তু ওই বাহবাপর্বের পর যুক্তরাষ্ট্রজুড়ে জোলির লেখার যে প্রভাব পড়ল, তা ছিল অবাক করার মতো। জোলির লেখা ছাপা হওয়ার মাস ছয়েকের মাথায় যুক্তরাষ্ট্রের নারীরা স্তন ক্যানসার রোগটি নিয়ে হয়ে উঠলেন আরও সচেতন। যাঁরা এত দিন ভয়, শঙ্কা কিংবা লজ্জায় ডবল মাসটেকটমির (দ্বৈত স্তন অপসারণ) শরণাপন্ন হননি, জোলির লেখা তাঁদের মধ্যে সাহস জোগাল দ্রুত।

অ্যাঞ্জেলিনা জোলির প্রথম কলামটি প্রকাশের বছর খানেক পর যুক্তরাষ্ট্রের একটি স্বাস্থ্য সংস্থা ‘ব্রেস্ট ক্যানসার রিসার্চ’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা গেল, জোলির লেখার প্রভাবে এক বছরে দেশটিতে ক্যানসার নির্ণায়ক স্বাস্থ্য পরীক্ষার হার বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। একটি ক্যানসার গবেষণাকেেন্দ্র ২০১২ সালে যেখানে মাত্র ১ হাজার ৯৮১ জন নারী তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন, সেখানে ২০১৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮৪৭। ক্যানসার সচেতনতা বৃদ্ধিতে জোলির এই প্রভাবকে সেই সময় থেকে আখ্যায়িত করা হতে থাকে ‘অ্যাঞ্জেলিনা ইফেক্ট’ নামে।
তবে জোলির এই প্রভাব নতুন কিছু নয়। এর আগেও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে এমন বেশ কিছু নজির মেলে। যেমন: ২০০৩ সালে মার্কিন সাংবাদিক কেটি কুরিস যখন টেলিভিশনে প্রচার করেন তাঁর ম্যামোগ্রাম প্রক্রিয়া, তখন হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের নারীরা দলে দলে ম্যামোগ্রামের মাধ্যমে ক্যানসার-ঝুঁকি নির্ণয়ের দিকে ঝুঁকে পড়েন। এর আগে অস্ট্রেলিয়াতেও দেখা গিয়েছিল একই ধরনের প্রভাব। অস্ট্রেলীয় গায়িকা কাইলি মিনোগের স্তন ক্যানসারের খবর ছড়িয়ে পড়লে সেই দেশেও হঠাৎ করে বেড়ে যায় স্বাস্থ্য পরীক্ষার হার।
তবে চিকিৎসকেরা হুজুগে সবার এই স্বাস্থ্য পরীক্ষাকে অনেক ইতিবাচক মনে করছেন। মার্কিন চিকিৎসকদের ভাষায়, একটি লেখা যদি নারীকে তাঁর নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে শেখায়, তাহলে তাতে মন্দ কী? তবে একটা বিষয়ে চিকিৎসকেরা সবাইকে সাবধান করে দিয়েছেন—স্বাস্থ্য পরীক্ষার পর হুজুগের বশবর্তী হয়ে যেন নিজ থেকেই স্তন কিংবা ডিম্বাশয় অপসারণের সিদ্ধান্ত কেউ না নিয়ে নেন। কারণ, ক্যানসারের ঝুঁকি কম থাকা সত্ত্বেও যদি স্তন কিংবা ডিম্বাশয় ফেলে দেওয়া হয়, তাতে হতে পারে হিতে বিপরীত।
সূত্র: ডেইলি মেইল, টাইম