যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের জেনারেলদের মধ্যে ডেভিড পেট্রাউস পরিশ্রম, মেধা ও দক্ষতা দিয়ে বিশেষ একটি জায়গা তৈরি করেছিলেন। দীর্ঘ ৩৭ বছর মার্কিন সামরিক বাহিনীতে বিভিন্ন পদে ছিলেন তিনি।বলা হয়, পেট্রাউস শুধু একজন সফল সামরিক কর্মকর্তাই ছিলেন না, একজন দক্ষ রাজনীতিবিদের গুণ ছিল তাঁর মধ্যে। এ কারণে জীবনীলেখক পলা ব্রডওয়েলের সঙ্গে পরকীয়ার জের ধরে তাঁর দৃশ্যপট থেকে বিদায় যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের ক্ষতি বলে মনে করা হচ্ছে।বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা সিআইএর দায়িত্ব নেওয়ার আগে অত্যন্ত সফলভাবে দুটি বড় দায়িত্ব পালন করেন পেট্রাউস। এগুলো হচ্ছে ইরাক ও আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর প্রধানের কাজ। বহুল আলোচিত-সমালোচিত এই দুই মার্কিন সামরিক অভিযানে স্বাতন্ত্র্য, দৃঢ়তা ও মেধার জন্য প্রশংসিত হয়েছেন এই সেনানায়ক।ইরাকে মার্কিন অভিযান শেষ করার পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম পেট্রাউস। আবার ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পরিকল্পনারও অংশীদার তিনি। যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদবিরোধী’ যুদ্ধ পরিচালনাকারী অন্যতম জেনারেল পেট্রাউস। তাঁর পরিকল্পনা অনুযায়ী বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের দমনে বেশ সফল হয়েছে যুক্তরাষ্ট্র।২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের পর এক পর্যায়ে ইরাকে বিভিন্ন স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর হাতে বেশ মার খাচ্ছিল মার্কিন বাহিনী। ২০০৮ সালের অক্টোবর মাসে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর প্রধান করে পাঠানো হয় পেট্রাউসকে। এর পরই ঘুরে দাঁড়াতে শুরু করে আন্তর্জাতিক বাহিনী। ২০১০ সালের জুন পর্যন্ত ইরাকে দায়িত্ব পালন করেন তিনি। এই সময়ে পরিস্থিতি অনেকটাই যুক্তরাষ্ট্রের অনুকূলে আসে। এর ধারাবাহিকতায় ২০১১ সালের ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে ইরাক অভিযান শেষ করে যুক্তরাষ্ট্র।পেট্রাউসের সাফল্যে মুগ্ধ শীর্ষ মার্কিন পরিকল্পনাকারীরা ইরাক থেকে তাঁকে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেন। সেখানেও সফল হন তিনি। আফগানিস্তানের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে সেখানেও মার্কিন অভিযান শেষ করার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনাকারীদের অন্যতম পেট্রাউস। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সরে যাওয়ার কথা মার্কিন বাহিনীর।দু-দুটি বড় যুদ্ধক্ষেত্রে সফলতার জন্য ডেভিড পেট্রাউসকে সিআইএ-প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তাঁর কাছে অনেক চাওয়া ছিল যুক্তরাষ্ট্রের। আর এ ব্যাপারে সচেতন ছিলেন এ চার তারকা জেনারেল নিজেও। কোনো সন্দেহ নেই, পদত্যাগের সিদ্ধান্তটি তাঁর জন্য কঠিন ছিল। আবুল হোসেন, তথ্যসূত্র: বিবিসি, এএফপি, রয়টার্স।