যুক্তি-তক্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনাল লড়াই চলছে মঞ্চে। নিজেদের জ্ঞান আর যুক্তির মিশেলে দলগুলো উপস্থাপন করল নিজেদের মতামত। ব্রিটিশ পার্লামেন্টারি ধাঁচের বিতর্ক চলছে। বিতর্কের বিষয় ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার ব্যাপারে গণভোট হওয়া উচিত’। চার দলের যুক্তি আর পাল্টা যুক্তি শেষে ফলাফল ঘোষণার পালা। বিজয়ের শেষ হাসি হাসল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ দলের দুই প্রতিযোগী সৈয়দ ইব্রাহিম সাজিদ ও গওশে শাহরিয়ারের দল।ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাবের আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্কের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২২ সেপ্টেম্বর। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাড়াও এ প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। মোট ৪৪টি দলের এই ইংরেজি বিতকের্র ফাইনালে জায়গা করে নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, বুয়েট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দল-২ ও দল-৩।বাঘা বাঘা দল হারিয়ে কীভাবে চ্যাম্পিয়ন হলেন আইবিএর এই দুই শিক্ষার্থী? উত্তর এল সাজিদের কাছ থেকে, ‘আমরা দুজনই ছোটবেলা থেকে বিতর্ক করি। আমি স্কুলে পড়ার সময় থেকে বিভিন্ন বিতর্কে অংশ নিই। ঢাকা কলেজে পড়ার সময়ও বিতর্ক করতাম। এভাবেই চলছে। নিজেকে একজন আদর্শ যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তুলতে বিতর্কের সঙ্গে আর কিসের তুলনা চলে!’চ্যাম্পিয়ন দল হিসেবে তাঁরা ক্রেস্টের সঙ্গে জিতে নিয়েছেন দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের তিন মাসের ফ্রি সাবসক্রিপশন। পুরস্কার জিততে অনেক ভালো লাগে গওশে শাহরিয়ারের। আর সেটি জিতেও চলেছেন। তিনি জানান, বিতর্ক আসলে নিজের মতামতকে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। আর যেকোনো বিষয়ের গভীরে যাওয়া যায়। একজন বিতার্কিকই পারে যেকোনো বিষয়ে নতুন নতুন তথ্য-উপাত্ত দিয়ে তা উপস্থাপন করতে। প্রতিযোগিতায় প্রথম রানারআপের পুরস্কার পায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল-২।