যুক্তি-তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা সাতটি প্রতিযোগিতায় হেরে আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল এই তিন বিতার্কিকের। তারপর ঘুরে দাঁড়ানোর পালা। শেষ পাঁচটি প্রতিযোগিতার মধ্যে দুটিতে চ্যাম্পিয়ন আর তিনটিতে রানার্সআপ হয়েছে তারা। বলছি প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসবে কলেজ-পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের বিতার্কিক রনক, তানভীর ও মাহবুবের কথা।‘তানভীর ও মাহবুব দুজনই তো এই স্কুলে ক্লাস থ্রি থেকে পড়ত। আর তারা যেহেতু আবাসিক শিক্ষার্থী, তাই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগও ছিল বেশি। আর আমি ফরিদপুরের মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে এই কলেজে ভর্তি হই। বিতর্ক দলে যোগ দিই এরপর।’ এভাবেই বিতর্কে নিজেকে সম্পৃক্ত হওয়ার কথা জানায় রনক মেহেদী।দলনেতা তানভীর রহমানের বিতর্কে অংশগ্রহণ শৈশব থেকেই। ‘ক্লাস থ্রিতেই আমি প্রথম বিতর্কে অংশ নিই। তখন অত কিছু না বুঝেই বিতর্কে অংশ নিতাম। স্যাররা যা শিখিয়ে দিতেন, তা-ই গড়গড় করে মঞ্চে বলে আসতাম।’আর মাহবুব? ওর আগমনটা পঞ্চম শ্রেণী থেকে। মাহবুবুল ইসলাম জানায়, ‘আমাদের শুরুটা বৈচিত্র্যময়, সুখকর হলেও পরবর্তী সময়ে জিততে না পারার বেদনাই ছিল মুখ্য।’ তানভীর ও মাহবুব জানায়, সাতটি প্রতিযোগিতায় তারা টানা হেরেছিল। একপর্যায়ে হতাশ হয়ে পড়ে তারা।ঘুরে দাঁড়ানোর গল্পটা শোনা গেল দলনেতা তানভীরের মুখে। ‘আমি হোঁচট খেয়েছি, তবে হতাশ হইনি। যেসব প্রতিযোগিতায় হেরেছিলাম, সেগুলো আবার একটু নিরীক্ষা করে নিলাম। বিষয়ভিত্তিক পড়াশোনাও শুরু হলো নতুন করে। ফলে প্রাপ্তিও যুক্ত হলো।’ এর সঙ্গে রনক যুক্ত করে বলে, ‘আমরা শেষ পাঁচটি প্রতিযোগিতার মধ্যে দুটিতে চ্যাম্পিয়ন ও তিনটিতে রানার্সআপ হয়েছি। আর শেষ স্বীকৃতি তো আপনার সামনেই। প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসব ২০১১-এ কলেজ-পর্যায়ে চ্যাম্পিয়নশিপ।’ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সাতটি কলেজের ২১টি দল। চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করে নটর ডেম কলেজের এনডিসি আলফা ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আরডিএস একুশ দল। জয়লাভ করে আরডিএস একুশ।বিতর্কে শুধু বিজয়টাই প্রাপ্তি হিসেবে দেখছে না তানভীর। নিজের ভাবনা অন্যকে জানানোর এই পদ্ধতিটিকে অনেকটা সুযোগই মনে করে সে। এ বিষয়ে মাহবুবের কথা আরও স্পষ্ট, ‘আমরা তো সবাই কথা বলতে পছন্দ করি। শুনতে চাই না কেউই। বলার পদ্ধতি হিসেবে কিন্তু আমাদেরটাই উৎকৃষ্ট। কারণ, নির্ধারিত সময় ও বিষয়ে যখন বলতে দেওয়া হয়, তখন মোটামুটি মঞ্চে ও সামনের দর্শকসারিতে যাঁরা থাকেন, তাঁরা অন্তত মনোযোগ দিয়ে শোনার সুযোগ পান।’