যুক্তি-তর্কে আইন শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বাধীন দুর্নীতি দমন কমিশন হবে এমন একটি কমিশন, যা যেকোনো অনিয়মে কার্যকরভূমিকা রাখার ক্ষমতা রাখে। এমনকি সরকারের অনুমতি ছাড়াই সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এটি ভূমিকা রাখতে পারবে। কমিশনকে অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। তবেই বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’ সরকারি দলের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা এসে তাঁর যুক্তি তুলে ধরে বললেন, ‘বাংলাদেশে বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত, সেহেতু এ দেশে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিচার নিশ্চিত করতে পারবে না। তাই সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণসচেতনতা।’ এভাবে যুক্তি আর পাল্টা যুক্তির মাধ্যমে এগিয়ে চলেছে ছায়া সংসদের কার্যক্রম। সংসদের নির্ধারিত আলোচ্য বিষয় ছিল, ‘স্বাধীন দুর্নীতি দমন কমিশন ছাড়া বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।’ প্রাণবন্ত এই ছায়া সংসদে সরকারি দলে ছিল চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিতর্ক দল আর বিরোধী দলে ছিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিতর্ক দল। বিজয়ী হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আইন বিতর্ক দল।১২ জানুয়ারি চট্টগ্রামের খুলশী এলাকার লন্ডন ইস্ট ব্যাংক কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চট্টগ্রামের প্রথম আইন বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দুই দিনের এই বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের সরকারি-বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ের আইন বিতর্ক দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় দলে ছিলেন শুভাশিষ চৌধুরী, এহতেশাম রিশতা, তাসমিয়া সুমানা আর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় দলে আজমি আমান্তু, খন্দকার মহিউদ্দিন ও আমিমুল হাসান। চূড়ান্ত পর্বের বিতর্কে তুখোড় যুক্তি উপস্থাপন করে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন সরকারি দলের মন্ত্রী এহতেশাম রিশতা। তিনি বলেন, ‘এতগুলো বিশ্ববিদ্যালয়কে হারিয়ে আইন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অবশ্যই অনেক বড় পাওয়া। পরিশ্রমের ফল পেলাম আজ আমরা। দল জিতে যাওয়ায় ভালো লাগছে খুব।’১১ জানুয়ারি দৃষ্টি চট্টগ্রাম ও লন্ডন ইস্ট ব্যাংক কলেজ চিটাগংয়ের আয়োজনে শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীদের পুরস্কার তুলে দেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুন নূর তুষার।