সম্প্রতি এসএসসি পরীক্ষায় পাসের হার রেকর্ড ছাড়িয়েছে। কিন্তু শিক্ষার গুণগতমান বেড়েছে কি না বিষয়টি নিয়ে বিতর্কের অবকাশ আছে। এমন আলোচনা এখন কেবল শিক্ষাবিদদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিষয়টি নিয়ে যে শিক্ষার্থীরা ভাবতে পারে, সমস্যা চিহ্নিত করতে পারে—বিএসআরএম-ডেইলি স্টার-দৃষ্টি জাতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উপস্থিত দর্শকেরা সেটাই উপলব্ধি করলেন। ১২ মে নগরের জামাল খানের একটি রেস্তোরাঁয় সপ্তাহব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতা শেষ হয়। ‘পাসের হার বৃদ্ধি শিক্ষাব্যবস্থার সাফল্যকে প্রভাবিত করে না’— বিষয়ের ওপর সংসদীয় বিতর্ক বেশ জমে উঠেছিল। সরকারি দল হিসেবে নিজেদের সাফল্য ও শিক্ষাব্যবস্থার উন্নতির চিত্র তুলে ধরেছে বাংলাদেশ এলিমেন্টারি স্কুল আর বিরোধী দল হিসেবে শিক্ষাব্যবস্থার বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে বক্তব্য দেয় সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের বিতার্কিকেরা। যুক্তিকে শাণিত করতে ও ইংরেজি চর্চা বাড়াতে নগরের কয়েকটি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ১২ মে শনিবার চূড়ান্ত পর্বে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।যুক্তির এ মিলনমেলায় অংশ নেয় আটটি বিদ্যালয়ের ১২টি ও ১০টি বিশ্ববিদ্যালয়ের ১২টিসহ মোট ২৪টি দল। বিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ এলিমেন্টারি স্কুল। চূড়ান্ত পর্বে এলিমেন্টারি স্কুলের দলের পক্ষে বিতর্কে অংশ নেয় মাসফিক মিজান, সীমান্ত দাশ ও ইরফান উদ্দিন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ইরফান উদ্দিন। ১১ মে নগরের সানশাইন গ্রামার স্কুলে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা। ব্রিটিশ সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত ভিন্নধর্মী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চারটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে—নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি)। এ চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমুল তর্কযুদ্ধ শেষে এ প্রতিযোগিতায় টানা চারবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিজয়ী দলের বিতার্কিক সৈয়দ ইফতেখার তৌহিদ বলেন, ‘টানা চারবারের মতো শিরোপা অক্ষুণ্ন রাখতে পেরে ভালো লাগছে খুব।’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয় আইউটি এবং দ্বিতীয় রানার আপ হয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এম আজম কোরেশি তুখোড় যুক্তি উপস্থাপন করে চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। সপ্তাহব্যাপী জমজমাট এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ড. মইনুল ইসলাম, প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন, দ্য ডেইলি স্টার-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান রইসুল হক বাহার। এ ছাড়া অনুষ্ঠান পরিচালনা করেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কশসাফুল হক।