যুক্তি-তর্কে দুর্নীতিকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তি-পাল্টা যুক্তি, তুখোড় বিশ্লেষণ আর শাণিত বাক্যবাণ সঙ্গে তথ্য উপস্থাপন। প্রাণবন্ত হয়ে ওঠে ছায়া সংসদ। নির্ধারিত আলোচ্য বিষয় ছিল ‘রাজনৈতিক দুর্বৃত্তায়ন অপেক্ষা প্রশাসনিক দুর্নীতি অধিক বিপজ্জনক।’ তর্কযুদ্ধে বিজয়ী হয় সরকারি দল। এটি ছিল দুর্নীতিবিরোধী আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্ব। গত ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে এ প্রতিযোগিতার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়েস গ্রুপের চট্টগ্রাম মহানগর শাখা। সহযোগিতা করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এতে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, দৃষ্টি ডিবেটিং ক্লাব, ইস্পাহানি কলেজ ডিবেটিং সোসাইটি, বাংলাদেশ স্কুল অব ডিবেটিং সোসাইটি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিযোগিতা উদ্বোধন করেন সনাক-টিআইবি নগরের আহ্বায়ক অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী। বক্তব্য দেন সনাক-টিআইবি প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার ও অধ্যাপক শিরিন আকতার।প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে হয় সংসদীয় বিতর্ক। অংশ নেয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও দৃষ্টি ডিবেটিং ক্লাব। বিচারকদের রায়ে বিজয়ী হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতর্ক দল। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তার্কিক শুভাশীষ চৌধুরী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।বিজয়ী দলের দলনেতা সাইফুদ্দীন মুন্না বলেন, ‘দলগতভাবে কাজ করে যেভাবে আমরা সেরা হলাম সেভাবে তরুণদের নিয়ে কাজ করতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ দুর্নীতি না করার দিক থেকে সেরা হবে। এ ক্ষেত্রে দরকার শুধু সদিচ্ছা।’এ ধরনের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে টিআইবি কর্মকর্তা মো. আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘তরুণেরাই পারে দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে। আমরা চেয়েছি দুর্নীতিবিরোধী লড়াইয়ে তরুণ সমাজকে সম্পৃক্ত করে তাঁদের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা ছড়িয়ে দিতে। তরুণ সমাজকে জাগ্রত করার এই প্রচেষ্টায় আমরা সফল।’