লড়াইটা যুক্তির। হার মানতে নারাজ দুই পক্ষই। একের পর এক শাণিত বাক্যবানে চলছে যুক্তি আর খণ্ডন। জমজমাট হয়ে ওঠে সংসদ। আজকের সংসদ প্রস্তাব করছে, ‘ব্লাসফেমি আইন বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করা উচিত নয়’—এ নিয়ে তুমুল বিতর্ক। দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ১৯ এপ্রিল নগরের থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শেষ হওয়া বিএসআরএম-দৃষ্টি আন্তস্কুল ইংরেজি বির্তক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে এভাবেই জমে ওঠে ছায়া সংসদ। এটি ছিল প্রতিযোগিতার ১৩তম আসর। চূড়ান্ত পর্বের বিতর্কে সরকারি দলে ছিল চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর বিরোধী দলে ছিল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল। অনেক তর্ক-বির্তকের পর অবশেষে সরকারি দলের যুক্তির কাছে হার মানতে হয় বিরোধী দলকে। চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই বির্তক প্রতিযোগিতায় নগরের ১৪টি বিদ্যালয় অংশ নেয়। চূড়ান্ত পর্বে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল দলে ছিলেন নবম শ্রেণীর শিক্ষার্থী জেরিন তাসনিম, আফিয়া তাসনিম ও অষ্টম শ্রেণীর রামিসা মালিয়াত। আর ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল দলে ছিলেন মাশফিক মিজান, নাহিয়ান তাহসিন ও ইরফান উদ্দিন। দল হারলেও বিরোধীদলীয় নেতা মাশফিক মিজান চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। চূড়ান্ত পর্বের বিতর্ক শেষে আসরের সেরা পাঁচ বিতার্কিকের অংশগ্রহণে শুরু হয় বারোয়ারি বির্তক প্রতিযোগিতা। বারোয়ারি বির্তকের বিষয় ছিল ‘আমি ২০ বছর পরের বাংলাদেশকে যেভাবে দেখতে চাই’। বারোয়ারি বিতর্কে অংশ নিয়ে এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের রাইসা রহমান। কলেজিয়েট স্কুলের মানসিব তাহসিন দ্বিতীয় এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফাইরুজ ইশরাক তৃতীয় স্থান অর্জন করে।সব শেষে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দৃষ্টির সহসভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্প গ্রুপ বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন বিএসআরএমের পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন প্রধান রুহি এম আহমেদ, রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটির সভাপতি আহমেদ জিবরান ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডর কর্মকর্তা রাশেদুল আমীন। সাবর শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৃষ্টির সহসভাপতি বনকুসুম বড়ুয়া, সাধারণ সমপাদক শহীদুল ইসলাম ও দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল।