
প্রধানমন্ত্রী সংসদে পেশ করলেন তাঁর প্রস্তাব। তিনি বললেন, ‘অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করে সংসদে নতুন আইন পাস করা উচিত।’ যুক্তি দেখালেন সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করলে সমাজে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর এ প্রস্তাব নিয়ে শুরু হলো তুমুল বিতর্ক। সরকারি ও বিরোধী দলের সাংসদদের তর্কের লড়াইয়ে প্রাণবন্ত হয়ে উঠল ছায়া সংসদ। ৮ জুন সকালে নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত আন্তসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের লড়াই জমে উঠেছিল এভাবে।
‘যুক্তির আলোয় মুক্তি’ স্লোগানে আয়োজিত মাসব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পঞ্চম অর্ধবর্ষের ‘গ’ বিভাগ ও চতুর্থ অর্ধবর্ষের ‘খ’ বিভাগ। তর্কের লড়াইয়ে সরকারি দলে থাকা পঞ্চম অর্ধবর্ষের ‘গ’ বিভাগকে হারিয়ে শিরোপা জিতে নেয় বিরোধী দলে থাকা চতুর্থ অর্ধবর্ষের ‘খ’ বিভাগ ।
প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন পঞ্চম অর্ধবর্ষের ‘গ’ বিভাগের মোহাম্মদ ঈস্রাফিল। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে শুরু হয় পুরস্কার বিতরণের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। এ বি এম আবু নোমানের সভাপতিত্বে এ আয়োজনে অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসমা আল আমীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার ও প্রভাষক সুরিনা তারজিদ।
পুরস্কার বিতরণীর আয়োজন শেষে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিতর্ক প্রতিযোগিতায় আটটি অর্ধবর্ষের মোট ১৬টি দল অংশ নেয়।