যুক্তি-তর্কের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিতর্ক হলো একটি বিষয় নিয়ে দুই দল শিক্ষার্থীর বুদ্ধিদীপ্ত যুক্তি-তর্কের লড়াই।’ বিতর্ক কী—উপস্থাপকের প্রশ্নের উত্তর এভাবেই দিল দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অয়ন্তিকা রিন্তি। শিক্ষার্থীরা তুমুল করতালিতে মুখরিত অভিনন্দন জানাল তাকে।১৪ সেপ্টেম্বর দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হলো ‘রংপুর বিভাগীয় বিতর্ক উৎসব’। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ-বিডি) এবং স্কুলটির ডিবেটিং ক্লাব যৌথভাবে আয়োজন করে এ উৎসবের। উল্লেখ্য, এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পর পর তিন বছর বোর্ডের সেরা তৃতীয় এবং জেলার শ্রেষ্ঠ স্কুল হওয়ার গৌরব অর্জন করে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল।রংপুর বিভাগের আটটি জেলার শতাধিক স্কুল-কলেজ থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী উৎসবে অংশ নেয়।শিক্ষার্থী ছাড়াও উৎসবে আসা অতিথি, শিক্ষক ও অভিভাবক—সবার গায়ে শোভা পাচ্ছিল উৎসবের বিশেষ টিশার্ট ও ক্যাপ।উৎসবে যোগ দিতে আসা সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী দীপায়ন সরকার বলেন, ‘কোনো দিন বিতর্কে অংশ নিইনি। তাই এসেছি বিতর্ক সম্পর্কে জানতে।’ একই শিক্ষাপ্রতিষ্ঠানের কানিজ ফারহাদ ও সাজেদা আফরোজ জানায়, যারা কোনো দিন বিতর্ক করেনি, তারাও উদ্বুদ্ধ হচ্ছে, প্রেরণা পাচ্ছে।দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াংকা বর্মন, তাসনুভা আফরিন ও লামিয়া রহমান জানায়, ‘টেলিভিশনে দেখি, আমাদের মন্ত্রী-নেতারা বক্তৃৃতা দিতে গিয়ে একে অন্যের বিরুদ্ধে কটূক্তি করেন, কুৎসা ও গালাগাল করেন। এসব আমাদের ভালো লাগে না। আমরা এখানে যুক্তি দিয়ে কথা বলার চর্চা করতে এসেছি।’ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর সিফাত-ই শারমিন জানায়, আলোকিত মানুষ হতে শেখাবে বিতর্ক।উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কেবল পড়ালেখায় জিপিএ-৫ পেলে চলবে না। খেলাধুলা, শিল্প-সংস্কৃতি চর্চা করতে হবে। আমাদের চারপাশের আকাশ, বাতাস, মাটি, পানি, মাঠ, ঘাস যা কিছু আছে, সবকিছু দেখবে। সবকিছু থেকে শেখার আছে।’বাঙালি নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া, বিশ্বখ্যাত স্থপতি এফ আর খান, গ্রিক দার্শনিক সক্রেটিস, মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জীবন ও শিক্ষার নানা দিক তুলে ধরে আনিসুল হক বলেন, একজন আলোকিত মানুষের পক্ষেই সম্ভব পুরো সমাজকে বদলে দেওয়া।আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রখ্যাত অর্থোপেডিক সার্জন আমজাদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমেনা-বাকী স্কুলের পরিচালক (শিক্ষা) শামসুল হক, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সভাপতি কে এম শোয়েব ও সাধারণ সম্পাদক মাহদী হাসান।বিকেলে দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।