‘বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দই অতিদারিদ্র্য বিমোচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে’ পক্ষে বলছে সরকারি দল। এ বিষয়কে সঠিক এবং যুক্তিপূর্ণ করে উপস্থাপনের প্রাণান্ত চেষ্টা তাদের। অন্যদিকে বিপক্ষে অবস্থান করছে বিরোধী দল। তাদের উদ্দেশ্য, সরকারি দলের বিষয়কে জোরালো যুক্তি দিয়ে খণ্ডন করা। বিরোধী দলের নেতা রিয়াদ হোসেন সাদ ভেবেচিন্তে আরেক যুক্তি দাঁড় করালেন। ‘বাজেটে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজেটের সুস্পষ্ট নীতিমালা। কেবল সুনির্দিষ্ট বরাদ্দ নিয়ে অর্থনৈতিক উন্নতি সম্ভব নয় বরং সঠিক ও সুষ্ঠু পরিকল্পনা অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করে।’ দুই পক্ষের নানা যুক্তি আর তর্কে ঢাকার বিয়াম মিলনায়তনের হলরুম সরব হয়ে উঠেছে। চলছে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে ও সমাজে পুঁজির সম্প্র্রসারণ ঘটাতে ‘যুক্তির আলোকে খুঁজি দারিদ্র্য বিমোচনের পথ’ এ স্লোগানে ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিটের আয়োজনে ১৬ থেকে ২০ মার্চ চার দিনব্যাপী হয়ে গেল আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০১১। নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সমস্যা মূল সমস্যা হিসেবে চিহ্নিত হয়। আর এ সমস্যা মোকাবিলা করার সুস্পষ্ট পথনির্দেশনা যদি দেওয়া যায়, তবে সমস্যা অনেকটাই লাঘব হবে। আর আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিতর্কের বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে অর্থনৈতিক বিষয়গুলো। বাংলাদেশে দারিদ্র্য বিমোচন কর্মসূচির লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ক্ষেত্রে ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সবার সচেতনতার বিষয়টি গুরুত্বপূর্ণ। এই বিতর্ক প্রতিযোগিতা কিছুটা হলেও তরুণ প্রজন্মের মধ্যে নাড়া দেবে।ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ মোট ১৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত ফাইনালে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় দলের নেতা জাফর সাদিক মনে করেন, ‘বিতর্ক মানুষের বলার ক্ষমতাকে বাড়ায়। একজন মানুষ বলার আগে ভাবে, অর্থাৎ বিতর্ক প্রতিযোগিতা একজন মানুষকে চিন্তা করার ক্ষমতা যেমন বাড়ায়, তেমনি যুক্তিবাদী হতে শেখায়।’২০ মার্চ ফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন তাসমির আলম, আরিফুল হক ও রিয়াদ হোসেন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন আরিফুল হক। দলনেতা রিয়াদ হোসেন সাদ বলেন, ‘বিতর্কের মাধ্যমে সত্যের খুব কাছাকাছি যাওয়া সম্ভব। একজন সাধারণ মানুষের চেয়ে একজন বিতার্কিকের ফারাক এটাই, একজন বিতার্কিক কোনো কিছুকে না বুঝেই মেনে নেয় না। আর সংসদীয় বিতর্কের কারণে খুব অল্প সময়ের জন্য হলেও আমরা নিজেদের আসল সংসদের সদস্য মনে করছি। আশা করি, বিতর্কের মতো আমাদের দেশের সমস্যাগুলো নিয়ে যদি আলোচনা করা হয়, তবে অবশ্যই একটা সুষ্ঠু সমাধানের পথ বের হবে।’অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, আজকের তরুণদের জন্য বিতর্কের বিকল্প নেই। মেধা বিকাশে আর যোগ্য নেতৃত্ব গঠনে বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব অনেক বেশি। ২০ মার্চ ফাইনাল রাউন্ডের বিতর্ক শেষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ওই দিন প্রতিযোগীদের মধ্যে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন খান। এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সামদানি ফকির, ব্র্যাক এন্টারপ্রাইজ ও ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ এ আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।