যুক্তিতর্কে তথ্যপ্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্যপ্রযুক্তি হবে আগামী বিশ্বযুদ্ধের হাতিয়ার’—সংসদে প্রধানমন্ত্রীর এমন কথা মানতে নারাজ বিরোধী দল। তর্কে জড়িয়ে গেল দুই পক্ষ। পাল্টাপাল্টি যুক্তিতে মুখর সংসদ। শেষ পর্যন্ত যুক্তিতে পরাস্ত হয় বিরোধী দল। তবে এ তর্কের যুদ্ধটি হয় ছায়া সংসদে। এতে সরকারি দলে ছিল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। বিরোধী দলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের চট্টগ্রাম অঞ্চলের প্রতিযোগিতার চূড়ান্তপর্বে বসে এই ছায়া সংসদ। এটি আয়োজন করে সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ক্যাম্পাস টু ক্যারিয়ার।
চট্টগ্রাম অঞ্চলের এই বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজারের জেলা থেকে ১৪টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় প্রিমিয়ার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় বিতর্ক দলের সদস্য শুভাশীষ চৌধুরী, ফয়জুল ইসলাম ও তানভীর আহমেদ সিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দলের সদস্য রাফিদ হাসান, মো. মাহবুবুর রহমান ও মাহমুদুল হাসান। প্রতিযোগিতার চূড়ান্তপর্বের বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শুভাশীষ চৌধুরী।
চট্টগ্রাম অঞ্চলের বিতর্কের সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিযোগিতার সমন্বয়ক সাইফুদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি তরুণ বিতার্কিকদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন কিছু উদ্ভাবনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে তোমাদের নেতৃত্ব দিতে হবে। এ বিতর্ক উৎসব তরুণদের মধ্যে তথ্যপ্রযুক্তিতে আরও আগ্রহ বাড়াবে বলে আমার বিশ্বাস।’
সমাপনী অনুষ্ঠানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অতিথি ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মফজল আহমেদ, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল এবং ক্যাম্পাস টু ক্যারিয়ারের সংগঠক কাঞ্জিলাল রায়।