যুক্তিতর্কে দুই দিনের উৎসব
শিশু একাডেমীর মিলনায়তন মঞ্চে বিতর্ক করছিল তার্কিকেরা। বিষয় ছিল, আমার বিকল্প শব্দ...একজন নিজেকে যোদ্ধা হিসেবে দেখতে চায়। ফিলিস্তিনের সন্তান হিসেবে উপস্থাপন করা এই যুবক বলছে, ইসরায়েলের গোলার আক্রমণে তার দেশে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে, শত শত মায়ের বুক খালি হচ্ছে, গোলা পড়ে ধ্বংস হচ্ছে তাদের সব স্থাপনা, গুঁড়ো করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশের হাজারো তরুণের বড় হওয়ার স্বপ্ন। এ অবস্থায় বুকে জয়ের বাসনা আর হাতে অস্ত্র তুলে নেওয়ার কোনো প্রতিশব্দ থাকে না এই তরুণের কাছে। তার কাছে নিজের বোধ আর যুক্তি বলে এখন যুদ্ধের কোনো বিকল্প নেই। অন্য আরেকজন বিতার্কিক নিজের মায়ের কোনো বিকল্প খুঁজে পায় না। তার কাছে পৃথিবীর অন্য কোনো শব্দের কোনো গুরুত্বই নেই, কেবল ‘মা’ শব্দটি ছাড়া। এমন হাজারো যুক্তি আর কথার ভিড় জমেছিল ৩০-৩১ জানুয়ারি শিশু একাডেমীতে। ন্যাশনাল ডিবেট ফেডারেশনের আয়োজনে সেখানে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ‘ট্রাস্ট ব্যাংক পঞ্চম এনডিএফ জাতীয় বিতর্ক উৎসব’। সারা দেশের ১১৮টি স্কুল, ১৩৫টি কলেজ, ১৫টি মাদ্রাসা, ৬৮টি বিশ্ববিদ্যালয় ও ১৭টি মুক্তবিতর্ক সংগঠনের দেড় হাজার তরুণ বিতার্কিকের মেলা বসে এ উৎসবে। ৩০ জানুয়ারি উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই দিন এনডিএফ বিডি আজীবন সম্মাননা প্রদান করা হয় এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলামকে। এর পর থেকে দুই দিনই উৎসবে বিভিন্ন ধারার বিতর্ক করে বিতার্কিকেরা। এর মধ্যে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, ওয়ার্ল্ডস মডেল বিতর্ক, রম্যবিতর্ক, প্লানচেট বিতর্ক, বারোয়ারি বিতর্ক, মিডিয়া বিতর্ক, স্রষ্টা-সৃষ্টি বিতর্ক অনুষ্ঠিত হয়। শুধু এসবই নয়, ছিল টি দ্য পারসোনালিটি, যেখানে একজন স্বনামধন্য ব্যক্তি এসে এই মহোৎসবে নিজের অনুভূতি আর অভিজ্ঞতা ভাগাভাগি করেন তরুণদের সঙ্গে। আয়োজনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিতার্কিকদের নানা রকম বিতর্কের মডেলসহ কৌশল শেখাতে অনুষ্ঠিত হয় কর্মশালা। উত্সবে অংশ নিয়ে লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশনের আবু সায়েমের উত্তেজনার শেষ নেই। তার মতে, এই উত্সবে সারা দেশের বিতার্কিকদের মিলনমেলা ঘটেছে। ফলে কোন অঞ্চলে বিতর্কের চর্চা কেমন তা যেমন জানা যায়, তেমনি বিতর্কের মান সম্পর্কে বোঝা যায়, সেই সঙ্গে নিজের মানকে আরও বাড়ানো সহজ হয়।উৎসবের আয়োজন নিয়ে এনডিএফের চেয়ারম্যান এ কে এম শোয়েব বলেন, ‘বিতর্কশিল্পের চর্চা এবং এর সম্ভাবনার আলো জাগাতে হলে যেখানে আলো পৌঁছায়নি, সেসব স্থানের তার্কিককে নিয়ে রাজধানীর তার্কিকদের সমন্বয় করতেই এ উৎসব। বিতর্কের বিকাশ চর্চা প্রান্তজন থেকে শুরু করে রাজধানী পর্যন্ত পৌঁছে দিতে হবে। কেবল সুবিধাপ্রাপ্ত বিতর্ক করলে এ শিল্প টিকবে না। যুক্তিনির্ভর, জ্ঞাননির্ভর তরুণ প্রজন্মই দেশের মুক্তি আনতে পারবে। এই প্রজন্ম গড়তে হলে বিতর্ক করতে হবে।’আনন্দ, হাসি আর উত্তেজনায় দুই দিনের বিতর্ক উৎসবে অংশ নেওয়া প্রত্যেক বিতার্কিকের স্বপ্ন একজন ভালো যুক্তিবাদী মানুষ হওয়ার। তাদের মতে, এমন উৎসব সেই পথে এক ধাপ এগিয়ে নিয়ে গেল। হয়তো একদিন এই বিতার্কিকেরাই ব্যক্তি ও সমাজজীবনের প্রতিটি পদে যুক্তি দিয়ে সত্যকে উপস্থাপনের মাধ্যমে প্রত্যাশিত সোনার বাংলাদেশ গড়ে তুলবে।