যুক্তিতর্কে সবুজের আহ্বান

‘অতিরিক্ত পরিবেশদূষণকারী কোম্পানির বিরুদ্ধে অতিরঞ্জিত ক্যাম্পেইন চালানোর প্রয়োজন নেই। তাদের কর্মকাণ্ডে পরিবেশদূষণ এত প্রকট আকার ধারণ করছে যে, দূষণের ভয়াবহতা নিয়ে সঠিক তথ্য তুলে ধরলেই মানুষ সচেতন হবে। দূষণের বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামবে...’। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সংসদে এমন বক্তব্য দেন বিরোধী দলের নেতা। ওদিকে প্রধানমন্ত্রীও কম যান না। অতিরঞ্জিত ক্যাম্পেইনের পক্ষে তাঁর সুস্পষ্ট অবস্থানের কথা যুক্তিতর্কের মাধ্যমে তুলে ধরেন তিনি। এ নিয়ে বক্তব্য উপস্থাপন ও যুক্তি-পাল্টাযুক্তিতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।
তবে এটা বাংলাদেশ বা অন্য কোনো দেশের সংসদের চিত্র নয়। এই প্রধানমন্ত্রী, পরিবেশমন্ত্রী, বিরোধীদলীয় নেতা-উপনেতা ও সাংসদদের বক্তব্য, যুক্তি-পাল্টাযুক্তি উপস্থাপন—সবই ছিল সংসদীয় বিতর্কের মঞ্চে। আজ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গত ২৮ মে পরিবেশ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছিল ‘বিশ্ব পরিবেশ দিবস আন্তক্লাব জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’। প্রতিযোগিতার আয়োজক ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি দল অংশগ্রহণ করে।
তর্কযুদ্ধ শেষে চ্যাম্পিয়ন হয়েছে ‘সাস্ট-এসডি-ক্র্যাক প্লাটুন’ দল। ‘এ সংসদ অতিরিক্ত পরিবেশদূষণকারী কোম্পানির বিরুদ্ধে পরিবেশবাদীদের অতিরঞ্জিত ক্যাম্পেইন সমর্থন করে’ প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবের বিপক্ষে বিরোধী দলের ভূমিকায় অবস্থান নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। শাবিপ্রবির ‘সাস্ট স্কুল অব ডিবেট’-এর এই তিন সদস্য হচ্ছেন তাসনীম আবেদীন, এ কে এম আশিকুজ্জামান ও মকবুল চৌধুরী। তাসনিম আবেদীন ও এ কে এম আশিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আর মকবুল চৌধুরী পড়ছেন লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষে।
গত বৃহস্পতিবার বিকেলে শাবিপ্রবির সবুজ প্রাঙ্গণে কথা হয় তিন বিতার্কিকের সঙ্গে। তাসনীম আবেদীন বলছিলেন, ‘বিতর্ক করতে গিয়ে অনেক গবেষণা প্রবন্ধ পড়তে হয়েছে। একটা ব্যাপার জেনে মনে রীতিমতো ভয় ধরে গেছে—পরিবেশদূষণে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি বাড়লে কিংবা সমুদ্রের পানির লেভেল ২ মিটার বাড়লেই বাংলাদেশের কক্সবাজার, বরিশাল, খুলনাসহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাবে। ভাবছি, ভবিষ্যতে সবুজ প্রযুক্তি নিয়ে কাজ করব।’ আশিকুজ্জামান বলেন, ‘উন্নত দেশের মতো পরিবেশদূষণের বিরুদ্ধে আদালতে গিয়ে প্রতিকার ও ক্ষতিপূরণ আদায়ে আমরা ভূমিকা রাখতে পারলে সত্যিই ভালো লাগবে।’
বিতর্ক করতে গিয়েই পরিবেশের অনেক অজানা তথ্য এই তার্কিকেরা জেনেছেন নতুন করে। শাবিপ্রবির আরেক বিতার্কিক মকবুল চৌধুরী মনে করেন, পরিবেশের সঙ্গে যেহেতু আমাদের অস্তিত্ব জড়িত, তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলনসহ পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবেশের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত।