চারটি মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বর্তমান সংবিধানে ফিরিয়ে আনার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা হয়েছে। সরকারি দলের মাননীয় ‘প্রধানমন্ত্রী’র এমন বক্তব্যের জবাবে বিরোধীদলীয় নেতা যুক্তিতর্কের মাধ্যমে তাঁর অবস্থান তুলে ধরছেন এভাবে: রাষ্ট্রধর্ম ইসলাম এবং ধর্মনিরপেক্ষতা একই সঙ্গে সংবিধানে থাকতে পারে না। কাজেই এই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার নয়, বরং তা অগ্রহণযোগ্য।এভাবে যুক্তি আর পাল্টা যুক্তির মাধ্যমে এগিয়ে চলছে জাতীয় সংসদের কার্যক্রম। সংসদে উপস্থিত হয়েছেন মন্ত্রী, বিরোধী দলের উপনেতা ও সাংসদ। হ্যাঁ, এমন দৃশ্যই চোখে পড়ছিল সম্প্রতি স্টামফোর্ড ডিবেট ফোরাম আয়োজিত সপ্তাহব্যাপী সপ্তম স্টামফোর্ড আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে।এ প্রতিযোগিতায় নয়টি বিভাগ থেকে ইংরেজি বিতর্কে ১৩টি এবং বাংলা বিতর্কে ২৩টি দল অংশ নেয়। বাংলা বিতর্কে ফাইনাল রাউন্ডে সরকারি দলে ফার্মেসি বিভাগ এবং বিরোধী দলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ মুখোমুখি হয়। বাংলা ও ইংরেজি উভয় বিতর্কে ফার্মেসি বিভাগের লুতফুল আমিন, কাজী মো. হামীম ও আইরিন পারভীনের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বাংলা বিতর্কে রানারআপ দলটিতে ছিলেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাবরিনা নুর সেজুতি, পিয়াস আহমেদ, হাসিবুর রহমান অনিক। ইংরেজি বিতর্কে রানারআপ হওয়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের রয়েছেন নাজমুল হোসেন দীপু, খান মওদুদ ও শেখ শামীম রেজা।বাংলা বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুল হোসেন। বাংলা ও ইংরেজি বিতর্কে ডিবেটর অব দ্য টুর্নামেন্ট এবং ফাইনালের বেস্ট স্পিকার নির্বাচিত হন ফার্মেসি বিভাগের লুতফুল আমিন। এ ছাড়া পাবলিক স্পিকিংয়ের চ্যাম্পিয়ন ট্রফিটিও পড়ে তাঁর ঝুলিতে।