বিতর্ক মানুষের চিন্তাশক্তিকে শাণিত করে। সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বিতর্ক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তিবাদী ও মননশীল তরুণেরাই আগামী দিনে নেতৃত্ব দেবেন।
িবতর্ক ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি, চট্টগ্রামের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। ‘ডিবেট ফর জেনারেশন নেক্সট’ শিরোনামে তিন মাসব্যাপী এই কর্মশালা ৭ আগস্ট রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান নাজমুল হক। অতিথি ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ ও মানবাধিকারকর্মী সাইফুল আলম খান। রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টির সভাপতি মাসুদ বকুল, বিতর্ক সম্পাদক কাজী আরফাত, প্রশিক্ষক এহতেশাম রিশতা, কর্মশালার সমন্বয়কারী সৌরভ নাথ, সহসমন্বয়কারী সাদমান সাকিব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অযৌক্তিক ব্যাখ্যায় আকৃষ্ট হয়ে তরুণেরা বিপথগামী হচ্ছেন। উগ্রবাদী হয়ে ধর্মের নামে মানুষ হত্যা করছেন। তরুণদের এসব থেকে দূরে রাখতে পারে বিতর্কের মতো সাংস্কৃতিক চর্চা।
এই কার্যক্রমের আওতায় নগরের পাঁচটি বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়গুলো হলো পুলিশ লাইন ইনস্টিটিউট, সানোয়ারা ইসলাম পৌর বালক উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও ইমারুন্নেসা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৮ জন বিতার্কিক এতে প্রশিক্ষণ দেবেন।