যুক্তিবাদী তারুণ্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার তুমুল বিতর্ক। যুক্তির লড়াইয়ে একে অপরের প্রতি ছুড়ছেন শাণিত বাক্যবান। এদিকে বারবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছিলেন সরকারদলীয় সাংসদেরা। এভাবেই জমে ওঠে সংসদীয় বিতর্ক। ১১ নভেম্বর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড়ের ক্যামপাস মিলনায়তনে অনুষ্ঠিত হয় কনফিডেন্স সল্ট-পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব। এতে সরকারি দলে ছিল ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও বিরোধী দলে ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। চ্যামিপয়ন হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। চার দিনের বিতর্ক উৎসবে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয়। আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্তপর্বে ‘রাষ্ট্রপ্রধান হিসেবে ওবামা শুধুই একটি নাম’ এই বিষয়ের ওপর নিজেদের যুক্তি তুলে ধরেন বিতার্কিকেরা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাকিব রহমান ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। এই প্রতিযোগিতায় ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রায়হানুল ইসলাম। পিইউডিএসের বিতর্ক চর্চা নিয়ে সারা বছর কাজ করায় শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার ওঠে জিশান অনিক ও তন্ময় বড়ুয়ার হাতে। শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। তিনি বলেন, ‘বিতর্ক হলো এমন একটি চর্চা যা একজন ব্যক্তির মনন উৎকর্ষের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। বিতর্কের ভিত্তিই হলো যুক্তি। যুক্তি মানুষের মেধা শাণিত করে, মননশীলতা বাড়ায়।’ বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার, দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মুনির, ব্যবসায় অনুষদের এইচ আর এম বিভাগের চেয়ারম্যান মঈনুল হক, পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীন ও কনফিডেন্স সল্টের কর্মকর্তা নওশাদ ইমতিয়াজ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ইফতেখার উদ্দিন। বক্তব্য দেন পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস, সভাপতি সাইফুদ্দিন ও অনুষ্ঠান সমন্বয়কারী শহিদুল মোস্তাফা। সমাপনী দিনে বিতর্ক মঞ্চে ছিল নানা বৈচিত্র্য। ‘জীবনটা রঙিন’ এই বিষয়ে ছাত্র-শিক্ষক বিতর্ক, ‘পৃথিবী আজ আমার হাতের মুঠোয়’ বিষয়ে ‘পাওয়ার বিতর্ক’ আনন্দ দেয় দর্শকদের। সবশেষে ফানুস ওড়ানো আর সুরের মূর্ছনায় শেষ হয় অনুষ্ঠান।