যুক্তিবোধে বিকশিত কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তিবোধে বিকশিত হলো আলোকিত কিশোর। স্কুল অব ডিবেট চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের ছয় দিনব্যাপী কৈশোর সচেতনতা বিতর্ক অনুষ্ঠিত হলো ১৮-২৩ জানুয়ারি নগরের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে। কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মনোয়ারা বেগম।সিটি করপোরেশন, সিডব্লিউএফডি ও অ্যাকশন এইডের সহযোগিতায় আয়োজিত বিতর্কে নগরের ২৩টি বিদ্যালয়ের কিশোর ও খুদে বিতার্কিকেরা অংশ নিয়েছে। পুরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঁচটি ধাপে। চূড়ান্ত পর্বে খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। বিজয়ী দলের জয়ীতা ব্যানার্জী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। উপস্থিত বক্তৃতা পর্বে প্রথম রাহুল বণিক, দ্বিতীয় রাহাত হোসেন ও তৃতীয় হন হাবিবুল্লাহ খান। ‘সুন্দর কৈশোরের জন্য আমি চাই...’ শিরোনামে অনুষ্ঠিত হয় বারোয়ারি বিতর্ক। এতে বিজয়ী হন মারুফুল হাসান ও ইরফানুল ইসলাম। এ ছাড়া বিতর্কের বিষয় নির্বাচনের জন্য পুরস্কার পান আকাশ দেবনাথ ও জুনায়েদ মুফরাদ। অনুষ্ঠানে ছিল বিতার্কিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা। সমাপনী দিনে স্কুল অব ডিবেট চিটাগং ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি প্রবীর বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আখতার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি দেলোয়ার হোসেন, সিনজিতা আলম, সাইফুল আবেদিন প্রমুখ। এতে বক্তারা বলেন, ‘সুস্থ জাতি গঠনে কিশোরদের সচেতন করার বিকল্প নেই। আর এ জন্য প্রয়োজন বিতর্ক প্রতিযোগিতা।’প্রবীর বড়ুয়া বলেন, ‘এই আয়োজন বিতর্ক আন্দোলনে একটি অনন্য প্রয়াস। আমরা বিশ্বাস করি, যুক্তির মাধ্যমেই বেরিয়ে আসতে পারে যেকোনো সত্য।’