যুক্তিযুক্ত শব্দার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা এখন কিছু কিছু শব্দের যে অর্থ দাঁড় করাব, তা হয়তো আপনাদের মনমতো না-ও হতে পারে। তবে পাশাপাশি যুক্তিও দিচ্ছি, যাতে মনমতো হয়। সঙ্গে আছেন ইকবাল খন্দকারচকলেট = কালো মুখদোকান থেকে বেশ কিছু জিনিস কিনলেন। বেশ কিছু জিনিস কিনেছেন বলে যে বাকিতে কিনেছেন, তা কিন্তু নয়। নগদ জিনিস নগদ টাকা। কিন্তু আপনি বড় নোট দেওয়ার কারণে দোকানদার শেষ মুহূর্তে এসে আটকে গেল। আর আটকাল মূলত এক টাকার জন্য। তার কাছে এক টাকার কয়েন বা নোট না থাকায় আপনাকে সে এক টাকা ফেরত দিতে পারছে না। এই এক টাকা পরিশোধ করতে গিয়ে সে আপনার হাতে এক টাকা দামের একটা চকলেট ধরিয়ে দেবে। টাকার বদলে চকলেট পেয়ে মুখ কালো করেন না এমন কাস্টমার খুব কমই পাওয়া যায়।সুন্দরবন = গভীর রাতজাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, এটা সবারই জানা। তবে জাপান অর্থ কী, এটা কিন্তু আমরা জানি না বললেই চলে। না জানলেও আমরা যদি বলি, জাপান মানেই সূর্যোদয়, তাহলে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। ঠিক তেমনি সুন্দরবনের সঠিক অর্থ কী, সেটা বলতে না পারলেও আমরা অন্তত এটা বলতে পারি—সুন্দরবন মানেই গভীর রাত। কেন জানেন? কারণ, কথায় বলে—যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। সুন্দরবনে এত এত বাঘ, সেখানে এত বেশি বাঘের ভয়, তাহলে সুন্দরবন মানে গভীর রাত হবে না তো কী হবে আপনিই বলুন।ছিনতাইকারী = পরিচ্ছন্নতাকর্মীএকটু রাত করে কোনো জায়গা থেকে বাসার উদ্দেশে রওনা হলেন। নির্জন রাস্তা। হঠাৎ আপনার সামনে এসে দাঁড়াল বেশ কজন তরতাজা যুবক, যাদের পরিচয় ছিনতাইকারী। তারা আপনাকে দু-চারটা ধমক অথবা হালকা কিল-চড় দিয়ে পকেটে টাকা-পয়সা যা ছিল, সব নিয়ে চম্পট দিল। যেহেতু ছিনতাইকারী আপনার-আমার পকেটের সব টাকা নিয়ে যায়, তাই ছিনতাইকারী মানে হচ্ছে পরিচ্ছন্নতাকর্মী। জানেন তো, মুরব্বিরা সব সময়ই বলেন, টাকা-পয়সা নাকি হাতের ময়লা। এই ময়লা যারা সাফ করে নিয়ে যায়, তারা পরিচ্ছন্নতাকর্মী নয় তো কী!জীবন = পাইপজাত পদার্থযে জিনিসটার প্রতি আমাদের দরদ সবচেয়ে বেশি, সেই জিনিসটার নামই হচ্ছে জীবন। জীবন সম্পর্কে একটু আগেও যাদের কোনো প্রকার ধারণা ছিল না, এই সংজ্ঞাটা পড়ার মুহূর্ত থেকেই নিশ্চয় ধারণাটা পেয়ে গেলেন। ধারণা পাওয়ার পর থেকে আপনাদের মনে হয়তো বা একটা প্রশ্ন উঁকি-ঝুঁকি মারতে পারে। সেটা হচ্ছে—জীবন অর্থ পাইপজাত পদার্থ হয় কী করে? শোনেন, পানির অপর নাম হচ্ছে জীবন। আর জীবন মানেই যেহেতু পানি, অতএব এটা বলা যেতেই পারে, জীবন অর্থ পাইপজাত পদার্থ। কারণ, ওয়াসার পানি বলেন আর নলকূপের পানিই বলেন, সব পানিই পাইপ দিয়ে আসে।তারকা = শক্তসামর্থ্য পুরুষ, লৌহমানবও বলা যেতে পারেদু-চার দিন টিভিতে মুখ দেখা গেলেই হলো। আমরা তাকে তারকা বলে স্বীকৃতি দিয়ে বসে থাকি। তারপর তাকে যেখানেই দেখি না কেন, কাগজ-কলম নিয়ে তাড়া করি অটোগ্রাফ পাওয়ার জন্য। আলোচনা বোধ হয় অপ্রাসঙ্গিকতার দিকে এগোচ্ছে। অতএব প্রাসঙ্গিকতায় ফিরে আসি। তারকা অর্থ কী? এই প্রশ্নের জবাবে অনেকেই হয়তো বলবেন—স্টার। দূর, এটা তো ইংরেজি শব্দ হয়ে গেল। শোনেন, তারকা অর্থ হচ্ছে এমন শক্তসামর্থ্য পুরুষ, যাকে নির্দ্বিধায় লৌহমানব বলা যায়। কারণ, তারকাদের অনেক ভক্ত থাকে। ভক্ত কি আর এমনি এমনি থাকে? কথায় আছে না—শক্তের ভক্ত। তার মানে তারকারা শক্ত বলেই তাদের এত ভক্ত।