যুক্তির আলোয়...

চলছে সংযমের মাস। তাই বোধ হয় একটু বেশিই সংযম দেখা গেল সংসদে। নেই হইচই, ফাইল ছোড়াছুড়ি। কিংবা ওয়াকআউট। তবে তাই বলে ছাড়! কোনোভাবেই নয়। যুক্তির বাণে ধরাশায়ী করার চেষ্টা একে অপরকে। মুখোমুখি সরকারি ও বিরোধী দল। পার্থক্য শুধু এটুকুই, এটি একটি ছায়া সংসদ।
৪ জুলাই নগরের একটি রেস্তোরাঁয় বসেছিল এ ছায়া সংসদের আসর। দৃষ্টি ডিবেট প্রিমিয়ার লিগের (ডিপিএল) সমাপনী পর্বে এভাবেই যুক্তির আলোয় আলোকিত হয়ে উঠেছিল সেদিনের সন্ধ্যা। গত ২৬ জুন থেকে শুরু হওয়া আট দিনব্যাপী এ প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা ২৪ জন বিতার্কিকের সমন্বয়ে গঠিত আটটি দল অংশ নেয়।
সমাপনী পর্ব শুরু হয় বিকেল চারটায়। শুরুতে ছিল বারোয়ারি বিতর্ক। ‘কখনো কি ইচ্ছে হয়...’ বিষয়ের ওপর পুরো টুর্নামেন্টের সেরা বিতার্কিকেরা অংশ নেন। বারোয়ারি বিতর্ক শেষে শুরু হয় ডিপিএলের সমাপনী বিতর্কের আয়োজন। সংসদীয় পদ্ধতিতে আয়োজিত এই বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আইনস্টাইন গড়ে ওঠার অন্তরায়’। এ বিষয়ের ওপর তর্কযুদ্ধে লিপ্ত হয় সরকারি দল ‘লালখান বাজার খানস’ এবং বিরোধী দল ‘আগ্রাবাদ এরিস্ট্রোক্রেট’। দুই দলের জমজমাট বিতর্ক শেষে চ্যাম্পিয়ন হয় ‘লালখান বাজার খানস’।
প্রতিযোগিতা শেষে ছিল পুরস্কার ও সনদ বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম। অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, কবি জিন্নাহ চৌধুরী, নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, শিল্প উদ্যোক্তা মঞ্জুরুল হক ও গোলাম বাকী। প্রধান অতিথি বলেন, ‘বিতর্কের পাশাপাশি গবেষণাও করতে হবে। বিতার্কিকদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক ও মানবিকতার শিক্ষায় শিক্ষিত হতে হবে।’ দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সাবের শাহের সঞ্চালনায় সমাপনী পর্বের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ বকুল। বক্তব্য দেন সাইফুদ্দিন, রাকিব তৌসিফ, জুনায়েদ কৌশিক চৌধুরী, কাজী আরফাত প্রমুখ।