যুক্তির আলোয়...
মঞ্চে তুমুল তর্ক। যুক্তি, পাল্টা যুক্তি। মুখোমুখি দুই পক্ষ। চলছে জমজমাট বিতর্ক। দুই পক্ষের শাণিত বাক্যবাণে মুখর মিলনায়তন। এভাবেই জমে উঠেছিল আন্তবন্ধুসভা বিতর্ক উৎসবের সমাপনী পর্বের আয়োজন। ২৬ ও ২৭ নভেম্বর ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বসেছিল এই আসর। ‘যুক্তির ঝলকে, মঙ্গল আলোকে’ স্লোগানে যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম এবং ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
দুই দিনব্যাপী বিতর্ক উৎসবের প্রথম দিন ২৬ নভেম্বর ছিল কর্মশালা। এতে নগরের পাঁচটি বন্ধুসভার সদস্যরা অংশ নেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সঞ্জয় বিশ্বাস, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর জয়শ্রী দাশ ও মিনহাজ হোসাইন। বিকেল চারটা থেকে শুরু হওয়া এই কর্মশালা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। কর্মশালা শেষে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যদের অংশগ্রহণে ছিল প্রাণবন্ত প্রদর্শনী বিতর্ক।
২৭ নভেম্বর উৎসবের সমাপনী দিনে সকাল থেকে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেয় চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিতর্ক দল। দিনব্যাপী জমজমাট যুক্তির লড়াই শেষে বিকেল চারটায় শুরু হয় চূড়ান্তপর্ব। ‘আমরা যতটা না সংকটে তার চেয়ে বেশি সংকীর্ণতায়’ বিষয়ের ওপর যুক্তির লড়াইয়ে শামিল হয় চট্টগ্রাম বন্ধুসভার বিতর্ক দল অগ্রযাত্রা এবং ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বিতর্ক দল নিউরন। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে বিজয়ী হয় নিউরন। সেরা বিতার্কিক হন নিউরনের দলনেতা আশরাফ এলাহী। বিচারকদের রায়ে ডিবেটর অব দ্য টুর্নামেন্ট খেতাব পান ফাহিম উদ্দিন।
চূড়ান্তপর্বের বিতর্ক শেষে ছিল পুরস্কার বিতরণীর আয়োজন। এ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশ, সহসভাপতি তাহমিনা সানজিদা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর সঞ্জয় বিশ্বাস এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুব্রত কুমার শীল। স্বাগত বক্তব্য দেন আয়োজনের সমন্বয়কারী জয়নাল আবেদীন ও পায়েল দত্ত।