যুক্তির আলোয় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জান্নাতুন নাঈম, হুমাইয়া আক্তার ও শাহনেওয়াজ এসেছে লালমনিরহাট থেকে। আর কংকন আচার্য্য, উমামা বেগম ও যারিন তাসনিম আহমেদ এসেছে সুনামগঞ্জ থেকে। তারা এসেছে রাজধানী ঢাকায়। মিলিত হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে। তাদের উদ্দেশ্য, যুক্তির আলোয় মানুষের মুক্তি খোঁজা। ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ স্লোগান সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছিল ‘বিতর্কবিকাশ’ নামের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে ১৩ এপ্রিল মুখোমুখি এই দুই দল। সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় আট হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ হাজার মেধাবী শিক্ষার্থীকে পেছনে ফেলে আজ তারা অবতীর্ণ হয়েছে চূড়ান্ত লড়াইয়ে। কে হাসবে শেষ হাসি? কোন দল শেষ পর্যন্ত খুঁজে পাবে যুক্তির আলোয় মুক্তির সন্ধান?উত্তরের জন্য অপেক্ষা করতে হলো দুপুর পর্যন্ত। ‘কেবল সামাজিক সচেতনতাই যৌতুক প্রথা দূর করতে পারে’ এমন শিরোনামের পক্ষে ও বিপক্ষে চলল তুমুল যুক্তির লড়াই। কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান। হাড্ডাহাড্ডি লড়াই আর কাকে বলে! অবশেষে বিচারকদের রায়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ে জান্নাতুন নাঈম, হুমাইয়া আক্তার ও শাহনেওয়াজ হাসল শেষ হাসি। সুনামগঞ্জের চন্দ্রনাথ বালিকা উচ্চবিদ্যালয়ের কংকন আচার্য্য, উমামা বেগম ও যারিন তাসনিম আহমেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করল তারা। পুরস্কার হিসেবে পেল নগদ ২০ হাজার টাকাসহ ক্রেস্ট ও মেডেল। এই দলের হুমাইয়া আখতার ছিনিয়ে নেয় শ্রেষ্ঠ বক্তার মুকুট। পুরস্কার হিসেবে সে পায় নগদ পাঁচ হাজার টাকা ও ক্রেস্ট। সেই সঙ্গে রানারআপ দলও পেয়েছে নগদ ১৫ হাজার টাকাসহ ক্রেস্ট ও মেডেল।দুই দলের সদস্যদের মুখেই তাই বিজয়ের হাসি। ‘এই বিজয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমরা ভবিষ্যতের যেকোনো প্রতিযোগিতায় এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে চাই।’ বলছিলেন বিজয়ী দলের সদস্য জান্নাতুন নাঈম। অন্যদিকে রানারআপ দলের সদস্যরা হয়েছেন অনেক বেশি আত্মপ্রত্যয়ী। ‘আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি বটে। তবে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে শিখেছি অনেক কিছু। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা সামনের প্রতিযোগিতায় বিজয় অর্জন করতে চাই।’ প্রত্যয় ঝরে পড়ছিল কংকন আচার্য্যের কণ্ঠে।প্রতিযোগিতা শেষে শুরু হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ব্র্যাক, এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। এ জন্য প্রয়োজন বড় ধরনের সামাজিক পরিবর্তন। সেই পরিবর্তনের মূল কুশীলব এই প্রজন্মের তরুণ শিক্ষার্থীরা। যারা আগামী দিনে নৈতিকতা ও সততায় ঋদ্ধ হয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে। তাই নতুন প্রজন্মের মধ্যে অবশ্যই প্রচলিত শিক্ষার পাশাপাশি সৃজনশীলতার স্ফূরণ ঘটাতে হবে, যেখানে বিতর্ক প্রতিযোগিতা বড় ধরনের ভূমিকা রাখতে পারে।’ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, মানুষের মধ্যে মত ও পথের ভিন্নতা থাকবেই। বিতর্কের ধারাবাহিক অনুশীলন প্রতিটি ব্যক্তির জীবনটাকে দেখার ধরনই বদলে দেয়। আমাদের লক্ষ্য বিতর্কবিকাশ কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আরও সৃজনশীল করে গড়ে তোলা এবং চিন্তার জায়গাটাকে আরও বিস্মৃত করা। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা নওয়াজিশ আলী খান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেনারেল ম্যানেজার জয়া সেন গুপ্ত, ম্যানেজার মো. শহীদুল্লাহ মিয়া, সফিকুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপারসন হাসান আহমেদ চৌধুরী।