যুক্তির আলোয় এগিয়ে যাওয়ার শপথ নিল শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থী। ২৩ এপ্রিল ওই বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় ৫১ সদস্যের বিতর্ক ক্লাব।
এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার বিচারক মো. আবদুল মাজেদ ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল।
বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজ বিতর্ক ক্লাবের সমন্বয়ক ইব্রাহিম খলিল, সদস্য নিশাত নাওয়াল ইসলাম ও ধৃতি চাকমা।
মো. সিরাজুল ইসলাম বলেন, একসময় জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হলেও এখন কিছুই নেই। ফলে জেলার মেধাবী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারছে না। আলোচনা সভার পর গঠন করা হয় ক্লাব কমিটি। এতে সভাপতি নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তাহরীমা আকতার, সাধারণ সম্পাদক নবম শ্রেণীর ছাত্র এবিএম আবদুল ফাত্তাহ ও সাংগঠনিক সম্পাদক নবম শ্রেণীর ছাত্র ফয়েজ উল্লাহ। কমিটির অন্য সদস্যরা হলো সহসভাপতি আবদুল্লাহ আল ফয়সাল ও মো. রহিম উল্লাহ, সহসাধারণ সম্পাদক নাহিন জামান, সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রচার সম্পাদক সুবর্ণা আকতার, দপ্তর সম্পাদক কায়সার হামিদ ও ক্রীড়া সম্পাদক ইলহান সাদ। গঠন করা হয় তিন সদস্যের উপদেষ্টা কমিটিও। উপদেষ্টারা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিম, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ুব ও শিক্ষক মোহাম্মদ আবদুল করিম।