যুক্তির আলোয় জীবন গড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির শেকল ভাঙবে বিতর্ক, গড়ে তুলবে যুক্তিবাদী সমাজ—এ লক্ষ্যে পথচলা শুরু একদল তরুণের। স্বপ্ন তাঁদের সমাজ সংস্কারের, মুখে যুক্তির ঢেউ। নানা বাধা টপকে গড়ে তুললেন সংগঠন ‘পান্থজন’। এরপর থেকে নিয়মিত বিতর্কচর্চা করে আসছে সংগঠনটি।২০০৪ সালের শুরুর দিকের কথা। তারুণ্যের জন্য নতুন এক বারতা নিয়ে গড়ে ওঠে স্টুডেন্টস ওয়েলফেয়ার কাউন্সিল (এসডব্লিউসি)। কিন্তু নানা সীমাবদ্ধতায় সে বছরের মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যায় সংগঠনটি। এর পরও দমে যাননি তাঁরা। একই বছরের সেপ্টেম্বরে আবার একত্রিত হন সবাই। এবার আর থেমে থাকা নয়, শুধুই এগিয়ে যাওয়ার।নির্বাহী পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত এই বিতর্ক সংগঠন গঠনের পর থেকেই আয়োজন করে আসছে বিভিন্ন বিতর্ক কর্মশালা, প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। তা ছাড়া এ বিতর্ক সংগঠনটি দেশের বিভিন্ন বিতর্ক উৎসবে অংশ নিয়ে জানান দিয়েছে তাদের সামর্থ্যের। পান্থজনের নির্বাহী পরিচালক মিথুন মল্লিক জানান, চট্টগ্রাম শহরের যেকোনো শিক্ষার্থীরাই এই সংগঠনের সদস্য হতে পারেন—শামিল হতে পারেন সহিষ্ণু ও মুক্তবুদ্ধির মানুষ হওয়ার যুদ্ধে। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের চেয়ে বিতর্ক কর্মশালা, তার্কিক তৈরি, বিতর্ক আন্দোলনকে ত্বরান্বিত করার কাজ তাঁরা বেশি করেন। এ পর্যন্ত আয়োজিত কর্মশালায় দেশের খ্যাতনামা বিতার্কিকেরা এসেছিলেন। স্কুল পর্যায় থেকে বিতর্কের চেতনায় ছাত্রছাত্রী তৈরি করার লক্ষ্যেই কর্মশালার আয়োজন করা হয়। নির্বাহী সদস্য সুমিত চৌধুরী বলেন, ‘আমরা প্রতিবছরের শুরুতে বিতর্ক কর্মশালা বছরের মাঝামাঝি সময়ে আন্তবিশ্ববিদ্যালয়, আন্তস্কুল ও আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি। এ ছাড়া সারা বছর চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজে বিতর্ক নিয়ে কাজ করি।’ প্রতি সপ্তাহে যেকোনো একটি দিন তাঁরা মিলিত হন নগররে আন্দরকিল্লার পান্থজন কার্যালয়ে।