যুক্তির আলোয় তারুণ্যের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে সংসদ অধিবেশনে তুমুল বির্তক। পক্ষে-বিপক্ষে যুক্তি-পাল্টা যুক্তি। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। একসময় স্পিকার সরকারি ও বিরোধী দলের তর্কযুদ্ধের ইতি টানেন। এভাবেই জমে ওঠে সংসদীয় বিতর্ক। ৪ ডিসেম্বর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড়সংলগ্ন ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজিত বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব। এতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নালন্দা সরকারি দল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুডো দল ছিল বিরোধী দল। চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। চার দিনের বিতর্ক উৎসবে সরকারি-বেসরকারি ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে প্রিমিয়ার দলে ছিলেন সাবের শাহ, সাইফুদ্দীন মুন্না, শহীদুল মোস্তফা; আর জাহাঙ্গীরনগর দলে জাফর আদিক, দেবাংশু শুভ ও ফারাহ ফিভা। দল হারলেও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাইফুদ্দিন মুন্না শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন। এই উৎসবে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতিউর রহমান। ‘সময় এখন চেতনার’ স্লোগানে শেষ হওয়া বিতর্ক উৎসবে বিতর্কপ্রেমীদের অংশগ্রহণে জমজমাট ছিল চার দিনের বিতর্ক মঞ্চ। শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। তিনি বলেন, সমাজে সবকিছুর মূলে রয়েছে যুক্তি। বিতর্ক মানুষের যুক্তিবোধ শাণিত করে, মননশীলতা বৃদ্ধি করে। এ ধরনের আয়োজন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষে এক নতুন দিকের উন্মোচন করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে পড়ালেখার পাশাপাশি বিতর্কচর্চা করছেন, এতে কিছুদিনের মধ্যে এই বিশ্ববিদ্যালয় নতুন এক উদাহরণের সৃষ্টি করবে। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন ড. ইফতেখার উদ্দীন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক ও দৃষ্টি-চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিইউডিএসের সভাপতি আরমান হাবীব।সমাপনীর দিন বিতর্ক মঞ্চে ছিল নানা বৈচিত্র্য। ‘আবেগ বড়, না যুক্তি বড়’ এ বিষয়ে ছাত্র-শিক্ষক বিতর্ক, ‘আমার গুণে ধরণী তুমি নিরুপমা’ বিষয়ে প্ল্যানচেট বিতর্ক এবং ‘পাহাড়, নদী আর ফুলের দেশ, চট্টগ্রাম মানেই বাংলাদেশ’ শীর্ষক বিতর্কে চট্টগ্রামবাসীর সঙ্গে ঢাকা, বরিশাল ও সিলেটবাসীর বিতর্ক আনন্দ দেয় সবাইকে। ছিল তারকা বিতর্ক আর সাংস্কৃতিক অনুষ্ঠানও।উদ্বোধনী শোভাযাত্রার মাধ্যমে উৎসব শুরু হয় ১ ডিসেম্বর। উৎসবের দ্বিতীয় দিন আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা এবং তৃতীয় দিন ডিবেটার হান্ট শিরোনামে ভিন্ন ধারার বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।