যুক্তির আলোয়...
জমজমাট বিতর্ক। যুক্তি-পাল্টাযুক্তিতে প্রাণবন্ত সংসদ। কেউ কাউকে ছাড় দিতে নারাজ সরকারি ও বিরোধী দল। জম্পেশ লড়াই। অবশেষে হার মানে সরকারি দল। হেরেও মুখে হাসি লেগেই ছিল তাদের।এটি ২০ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম আলো-ডিএস তারুণ্য উৎসবের আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের চিত্র। সরকারি দলে ছিল ইউএসটিসি (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) ও বিরোধী দলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল।তিন দিনের এ প্রতিযোগিতায় অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল। গ্রুপ, কোয়ার্টার, সেমিফাইনাল ও ফাইনাল চার রাউন্ডে চলে প্রতিযোগিতা। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করে প্রথম আলো। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল ‘চেতনার সংকটই আজ আত্মিক সংকটের জন্ম দিয়েছে।’ চ্যাম্পিয়ন হতে পারেননি, রানারআপ হয়েও চট্টগ্রামের বিতর্ক দলটির সদস্য রবিউল হোসেন, আল আমিন ও আরফাতুল ইসলামের মনে কোনো আক্ষেপ নেই। বললেন, ‘এ তো যুক্তির খেলা। এত বড় পরিসরে এ অর্জনও আমাদের অনেক বড় পাওয়া। ভবিষ্যতের প্রেরণা।’ অবশ্য ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন আরফাতুল ইসলাম। এর আগে ইউএসটিসি এ বিতর্ক দলটি জেতে দৃষ্টি প্রিমিয়ার লিগ শিরোপা।২২ এপ্রিল প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথার ফাঁকে বেরিয়ে আসে ইউএসটিসি দলের তিন বিতার্কিকের বিতর্ক-জীবনের কিছু কথা। শুরুতে দলনেতা রবিউলের কাছে অনুভূতি জানতেই কণ্ঠে দৃঢ়তা। বললেন, ‘আমরা চেষ্টা করেছি সামর্থ্যের সবটুকু দিয়ে। তার পরও জয়-পরাজয় থাকবে। এই অভিজ্ঞতা ভবিষ্যৎ শিরোপা জয়ের সোপান।’ তাঁর পাশে থাকা আরফাত মাথা নেড়ে সায় দেন দলনেতার কথায়। কী লক্ষ্য নিয়ে এগোনো—এমন প্রশ্ন করতেই এবার মুখ খোলেন আরফাত। তিনি বলেন, ‘আমরা তরুণেরাই পারব সমাজ বদলাতে। তাই তরুণদের জন্য যুক্তির পথে চলার ক্ষেত্র তৈরি করতে কাজ করে যাব। কারণ, সব অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জোগায় যুক্তি।’ আরফাতের কথার সঙ্গে যোগ করে রবিউল বলেন, ‘যুক্তিবাদী সমাজই পারে দূরদর্শী চিন্তার মানুষ তৈরি করতে। দূরদর্শী চিন্তার মানুষ লড়বে সব অপশক্তির বিরুদ্ধে।’