যুক্তির খেলায় গণতন্ত্রের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা
দৃষ্টির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা

একাত্তরের মুক্তিযুদ্ধ কি এখনো চলছে? মুক্তিযুদ্ধের চেতনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কি হয়েছে? বিরোধী দলের এমন প্রশ্নের মুখে সরকারি দল পাল্টা যুক্তি দেয় স্বাধীনতার লক্ষ্য অর্জিত হয়েছে। এ নিয়েই সংসদে তুমুল বিতর্ক। অনেক তর্ক-বিতর্কের পর অবশেষে বিরোধী দলের যুক্তির কাছে হার মানতে হয় সরকারি দলকে, স্পিকারের ঘোষণা—‘এ সংসদ মনে করে যে একাত্তরের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি।’ দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত আসরে এমন ছায়া সংসদে লড়ে নবিতার্কিকেরা। যুক্তির খেলায় তাঁরা গেয়েছেন গণতন্ত্রের জয়গান।
গত ২৯ এপ্রিল নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শেষ হয়েছে এই প্রতিযোগিতা। কনফিডেন্স সল্টের পৃষ্ঠপোষকতায় এবার বসে ১৪তম আন্তস্কুল ও নবম আন্তবিশ্ববিদ্যালয় পর্বের আসর। চূড়ান্ত পর্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয় পর্যায়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।
গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬টি ও বিদ্যালয়ের ১২টি দল অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিদ্যালয় পর্যায়ে সংসদীয় বিতর্কের বিষয় ছিল ‘এ সংসদ মনে করে যে একাত্তরের মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি।’ এ বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের মাশফিক মিজান। ব্রিটিশ সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্কের বিষয় ছিল ‘এ সংসদ কাগজের ব্যবহার বন্ধ করবে’। এ প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক কাজী জাওয়াদ।
প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন শিল্প উদ্যোক্তা মঞ্জুরুল হক ও কনফিডেন্স সল্টের সহকারী ব্যবস্থাপক এস এম নওশাদ ইমতিয়াজ। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টির সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক মোহম্মদ সাইফুদ্দিন, বিতর্ক সম্পাদক তাফহিম উর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সহনশীল মানসিকতা তৈরিতে সহায়তা করে বিতর্ক। যুক্তিবাদী সমাজ গঠনে বিতার্কিকেরাই পথপ্রদর্শক। তাই বিতার্কিকদের উচিত, সব সময় চ্যালেঞ্জ গ্রহণ করতে নিজেকে তৈরি রাখা।