যুক্তি ছাড়া সমাজ এগোয় না, পরিণত হয় বদ্ধ ডোবায়। আর যুক্তিকে শাণিত করার জন্য বিতর্কের বিকল্প নেই। জ্ঞানচর্চার প্রতিটি শাখায় তাই বিতর্ক উপস্থিত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বিতর্কচর্চার সেই ধারাবাহিকতা ধরে রেখেছে।চুয়েটের বিতর্ক সংগঠন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (চুয়েটডিএস) যাত্রা শুরু ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি। ‘যুক্তি দিয়ে গাই শুদ্ধ আত্মার গান’ স্লোগান সামনে রেখে কাজ করে যাচ্ছে সংগঠনটি।প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত বিতর্কচর্চা করে আসছে চুয়েটডিএস। আয়োজন করেছে বিভিন্ন উৎসব ও প্রতিযোগিতার। শুরুতে বিভিন্ন ছাত্রাবাসে বিতর্ক কর্মশালা, প্রতিযোগিতা আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল এর কার্যক্রম। এখন এই বিতর্ক সংগঠনের কাজের পরিধি অনেক বেড়েছে। জানালেন চুয়েটডিএসের সহসভাপতি শাহনেওয়াজ রাহাত। ২০০৮ সালের মার্চ মাসে চুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজন করে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবের। এরই ধারাবাহিকতায় ২০১০ ও ২০১১ সালে ‘আন্তবিশ্ববিদ্যালয় তারুণ্য উৎসব’ নামে বিতর্কের বড় আসরও বসে চুয়েটে।২০১১ সালে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে বাংলাদেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। চুয়েটডিএসের সভাপতি আরিফুর রহমান লিটন বলেন, ‘আন্তবিশ্ববিদ্যালয় উৎসবগুলোর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাছাকাছি আসছেন। সুযোগ হচ্ছে যুক্তিচর্চার।’১২ বছরের অগ্রযাত্রায় আজ চুয়েটডিএসের আঙিনা শতাধিক যুক্তিবাদী তরুণের গুঞ্জনে মুখরিত। তারুণ্যই এই সংগঠনের সম্পদ, এগিয়ে যাওয়ার প্রেরণা। জানালেন চুয়েটডিএসের সাধারণ সম্পাদক এহসান উদ্দীন। চুয়েটডিএসের সদস্য প্রতীক খান বলেন, ‘জাতীয় বিতর্ক অঙ্গনে চুয়েট ডিবেটিং সোসাইটি বহুবার চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছে, সেই সঙ্গে অর্জনের ঝুলিতে যোগ হয়েছে বহু পুরস্কার। সর্বশেষ গত বছর অনুষ্ঠিত তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় চুয়েটডিএস বিতর্ক উৎসবে রানারআপ হয় সংগঠনটি।’ কেবল বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় চুয়েটডিএসের কার্যক্রম। প্রতিবছর এই সংগঠনের উদ্যোগে চুয়েট ক্যাম্পাসে আয়োজন করা হয় বাউল রাত্রি, নবীনবরণ, মঞ্চনাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর।চুয়েটডিএসের রয়েছে ১০০০-১২০০ বইয়ের একটি পাঠাগার। প্রতি শুক্রবার এই পাঠাগারে যেকোনো একটি বইয়ের ওপর পাঠচক্র অনুষ্ঠিত হয়। আর চুয়েটডিএসের সদস্যরা এই পাঠাগার থেকে বই বাসায়ও নিয়ে যান। জানালেন চুয়েটডিএসের সদস্য তানিমা আমীন।