‘অর্থহীন তর্ক, সংঘাত কিংবা সহিংসতা নয়, যুক্তি ও চিন্তার সুগঠিত মতামতই হতে পারে আজকের পৃথিবীর অজস্র সমস্যার সমাধান। এ বিশ্বাসে আজ থেকে কয়েক যুগ আগে সূচনা হয় বিতর্ক আন্দোলনের। আর এ আন্দোলন শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ফার্মেসি বিভাগ।’ ওই বিভাগের উদ্যোগে গত ২৬-৩০ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইউনিমেড ইউনিহেলথ প্রথম আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। ২৬ মে প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ-এর ব্যবস্থাপনা সম্পাদক জসীম উদ্দীন। অতিথি ছিলেন ইউএসটিসির উপউপাচার্য নূরুল আফছার ও দৃষ্টির সভাপতি মাসুদ বকুল। সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের প্রধান এসসি রায়। শুভেচ্ছা বক্তব্য দেন প্রভাষক আদনান মান্নান ও নাসরিন জাহান।বাংলা বিতর্কে ফার্মেসি, ৩০ মে ইউএসটিসি মিলনায়তনে চূড়ান্ত ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। ইংরেজি বিতর্কের চূড়ান্ত পর্বে সরকারি দল ফার্মেসি বিভাগ বিরোধী দল ইটিই বিভাগকে পরাজিত করে। বিতর্কের বিষয় ছিল, ‘এ সংসদ প্রস্তাব করছে যে, ওবামার শাসনব্যবস্থা মার্কিন নীতির পরিপন্থী।’ চূড়ান্ত পর্বে স্পিকারের দায়িত্বে ছিলেন আদনান মান্নান। বাংলা বিতর্কের চূড়ান্ত পর্বে বিরোধী দল ফার্মেসি বিভাগ সরকারি দল এমবিবিএস বিভাগকে পরাজিত করে। ‘এ সংসদ প্রস্তাব করছে যে, আগামী পৃথিবী হবে সাম্রাজ্যবাদীদের নয়, বিপ্লবীদের’ বিষয়ে অনুষ্ঠিত প্রাণবন্ত বিতর্কের স্পিকার ছিলেন সাইফ চৌধুরী। প্রথম থেকে চূড়ান্ত পর্বের বিভিন্ন বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হন রেজা চৌধুরী, নাহিদ আহমেদ, ফারহানা আক্তার, ফাতিমা গাউস, ভার্জিন থমাস, ইয়াকুব আলি, বিপাশা বিশ্বাস, রুৎবা তানবীস ও মুতমাইন হাসিব। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির পরিচালক রফিকুল আক্তার, অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, দৃষ্টির সভাপতি মাসুদ বকুল। সভাপতিত্ব করেন এসসি রায়।