যুক্তির জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে লড়াই। মুখোমুখি দুই পক্ষ। তবে লড়াই হাতিয়ারের নয়, যুক্তির। বাক্যবাণে একে অপরকে পরাস্ত করার সে কী চেষ্টা! ২ সেপ্টেম্বর নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাস মিলনায়তন এমনই যু্ক্তিমুখর হয়ে ওঠে। ওই দিন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের দুই মাসব্যাপী আন্তবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ‘যুক্তিতে মুক্তি’ স্লোগানে এ প্রতিযোগিতার আয়োজন করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)।
বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় তর্কযুদ্ধ। বিতর্ক হয় সংসদীয় আদলে। ‘এই সংসদ মনে করে ফ্লাইওভার নির্মাণ যানজট নিরসনের সমাধান নয়’ বিষয়ের ওপর যুক্তির লড়াইয়ে প্রতিপক্ষকে পরাস্ত করে বিজয়ী হয় তৃতীয় সেমিস্টারের দল ‘সলসিটার’। রানারআপ হয় সপ্তম সেমিস্টারের ‘গ্যালাক্সি অব প্রিমিয়ার’। ব্যবসায় প্রশাসন বিভাগের বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে আগামী বিশ্বের অর্থনীতি নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভরশীল’। এতে চ্যাম্পিয়ন হয় পঞ্চম সেমিস্টারের বিতর্ক দল ‘এনিমেশিয়া’। রানারআপ হয় তৃতীয় সেমিস্টারের ‘মেঘলা’।
ইংরেজি বিভাগের বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ মনে করে অর্থনৈতিকভাবে অস্থিতিশীল রাষ্ট্রসমূহের নিরাপত্তার খাতে বিনিয়োগ একটি ব্যর্থ ধারণা’। এতে চ্যাম্পিয়ন হয় সপ্তম সেমিস্টারের বিতর্ক দল ‘এনোনিমাস’। রানারআপ হয় ‘অপটিমিস্টিক’।
প্রতিযোগিতায় আইন বিভাগের ১৬টি, ব্যবসায় প্রশাসন বিভাগের ১০টি ও ইংরেজি বিভাগে আটটি দল অংশ নেয়।
চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে শুরু হয় কথামালা ও পুরস্কার বিতরণের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়ার পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান তৌফিক সাইদ, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস ও সাইফুদ্দিন।
বক্তব্য দেন সংগঠনের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক শুভাশীষ চৌধুরী।
প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার একটি বড় উপাদান চিন্তা করা এবং চিন্তার একটি বড় বিষয় হলো যুক্তি। যুক্তির যথাযথ প্রয়োগ সম্ভব বির্তকের মাধ্যমে।’
পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে শিক্ষার্থীদের যুক্তিবাদী করে গড়ে তুলতে এ আয়োজন। প্রতিবছর নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশ নেয়।