যুক্তির জয়গানে...
সকাল থেকেই ঝুম বৃষ্টি। নগরের চারপাশ পানিতে থই থই। এমন বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড়ের ক্যাম্পাসে বসে তারুণ্যের মেলা। তাঁরা এসেছেন যুক্তির লড়াইয়ে। ২১ জুন বিকেলে এখানে বসেছিল জাতীয় বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্বের আসর। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি (পিইউডিএস) আয়োজন করে এই উৎসব। এবার বসেছিল তৃতীয় আসর। প্রতিযোগিতায় ১২টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিতর্ক দল অংশ নেয়।
শুরুতেই ছিল ছায়া সংসদ বিতর্ক। প্রধানমন্ত্রী সংসদে উত্থাপন করেন তাঁর প্রস্তাব—‘এ সংসদ মনে করে, তৃতীয় বিশ্বের দেশগুলোর দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন দুই মেয়াদি সরকারব্যবস্থা’। প্রধানমন্ত্রীর এমন প্রস্তাবের ওপর শুরু হয় তর্ক। সরকারি ও বিরোধী দল লেগে যায় বাক্যুদ্ধে।
অবশেষে বিরোধী দলে থাকা ইউএসটিসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সরকারি দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাব্বির আহমেদ। প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন চুয়েট বিতর্ক দলের শুভদ্বীপ কর।
বিতর্ক শেষে ছিল পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। পিইউডিএসের চিফ মডারেটর জুলিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তিনি বলেন, ‘পুরো পৃথিবীটা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত। বড় বড় বিজ্ঞানী থেকে শুরু করে দার্শনিক, ইতিহাসবিদ সবাই যুক্তি দিয়ে তাঁদের দর্শন তুলে ধরেছেন।
আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিতর্কের মাধ্যমে যুক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। আর বিতর্ক হতে হবে তথ্যনির্ভর, এ জন্য লেখাপড়ার কোনো বিকল্প নেই।’ আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, পিইউডিএসের মডারেটর সঞ্জয় বিশ্বাস, হিল্লে¬াল সাহা ও মোহাম্মদ সাইফুদ্দিন।
আগের দিন প্রবর্তক মোড় ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মাহবুবুর রহমান। জুলিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনীর হাসান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, পিইউডিএসের সভাপতি সাবের শাহ্, সহসভাপতি শহিদুল মোস্তফা ও সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম। আয়োজনের প্রথম দিনে বিভিন্ন বিতর্কের পাশাপাশি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় রোবোটিকস ক্লাবের পরিবেশনায় রোবট শো অনুষ্ঠিত হয়।