
সমাজ, দেশ ও দেশের বাইরের নানা অসংগতি এবং সেগুলোর সম্ভাব্য সমাধান বিতর্কের মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়েই বিতর্কচর্চা করে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) বিতার্কিকেরা। কদিন আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজন করেছিল আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৬। এই মহাযজ্ঞের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছিল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সেখানে বাংলা ও ইংরেজি দুই ধারার বিতর্কেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির দুটি দল।বাংলা বিতর্কের মূল পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের হারিয়ে সেরার ট্রফি জিতে নেন মাজহারুল কবির, শাফী আবদুল্লাহ ও জয়সূর্য দেব। আর ইংরেজি বিতর্কে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে ফাইনালে পরাস্ত করেন ডিইউডিএসের শাইয়ান সাদিক, শফিউল আলম ও শাহরিয়ার আহম্মেদ।
এই প্রতিযোগিতায় মোট চার পর্বে ১৫টি দলকে পেছনে ফেলতে হয়েছে বিজয়ীদের। সমাপনী পর্বের বাংলা বিতর্কে সেরা বিতার্কিক হয়েছেন শাফী আবদুল্লাহ। ওদিকে ইংরেজি বিতর্কে সেরা বিতার্কিক নির্বাচিত হন শাইয়ান সাদিক।
বিতর্ক নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন শাফী আবদুল্লাহর। তিনি বলেন, ‘আমাদের দলের বোঝাপড়া খুব ভালো ছিল। বিতর্কের জন্য যেটা খুব দরকার। আর বিতর্ক নিয়ে বলতে গেলে আমার মনে হয় প্রত্যেকেই অনেক কথা বলতে চায়। কিন্তু অন্যের যুক্তি শোনার ধৈর্য আমাদের কম। বিতর্ক যেমন যুক্তি দিতে শেখায়, তেমনি অন্যের যুক্তি শুনতেও শেখায়।’ তাঁর মতে, বিতর্ক সমাজ, দেশ ও পৃথিবীকে বুঝতে শেখায়।
বাংলাদেশের সব কটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবারের প্রতিযোগিতায় বাংলা ও ইংরেজি বিতর্কের জন্য ১৬টি করে দল অংশগ্রহণ করে।
ইংরেজি পর্বের সেরা বিতার্কিক শাইয়ান সাদিক বিতর্ক করছেন সেই স্কুল-কলেজ পর্যায় থেকে। তাই বিশ্ববিদ্যালয়ে এসেও চালিয়ে যাচ্ছেন সেই চর্চা। শাইয়ান সাদিক মনে করেন, নিজের যুক্তি ও কোনো বিষয়ে অভিমত প্রকাশের অন্যতম একটি প্ল্যাটফর্ম হলো বিতর্ক। বিতার্কিকের কথা হয়তো একই সঙ্গে অনেকের কাছে পৌঁছায় না, তবু এখানে যুক্তি দিয়ে নিজের অবস্থান প্রকাশ করার সুযোগ থাকে।
ডিইউডিএসের ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটি হওয়ার পর এখন পর্যন্ত ঢাবির এই বিতর্ক দল মোট আটটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যার চারটিতে চ্যাম্পিয়ন ও বাকি চারটিতে রানার্সআপ হয়েছে তারা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী বিতর্ক, রাজউক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ও গ্রিন ইউনিভার্সিটি মৌলবাদবিরোধী বিতর্ক প্রতিযোগিতা।
ডিইউডিএসের সাধারণ সম্পাদক ও বাংলা বিতর্ক দলের দলনেতা মাজহারুল কবির মনে করেন, বিতর্ক একটি আন্দোলন। সমাজে বাক্স্বাধীনতা প্রতিষ্ঠা করা, যুক্তি নিয়ে কথা বলা ও অন্যের যুক্তি শোনার সুযোগ করে দেয় বিতর্কের মঞ্চ। তাঁর মতে, এখনকার বিতর্কচর্চা মূলত সংসদীয় পদ্ধতিতে হয়। তিনি বলেন, ‘আমরা বিতর্কের মঞ্চকে ধরে নিই কল্পিত একটা সংসদ হিসেবে। যে ছায়া সংসদের অধিবেশনে সরকারি দল ও বিরোধী দল একটি প্রস্তাব নিয়ে পক্ষে ও বিপক্ষে মতামত দেয়। আমরা চাই, আমাদের জাতীয় সংসদেও সুন্দর ও সাবলীল যুক্তি-তর্কের চর্চা হোক। আর এই যুক্তির চর্চা ছড়িয়ে পড়ুক গোটা সমাজে।’