যুক্তির তারকাদের আলোয় আলোকিত সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ আগস্ট সন্ধ্যা সাতটা। নগরের এক রেস্তোরাঁয় বসেছিল বিতার্কিকদের মেলা। ‘দৃষ্টি বিতর্ক পুরস্কার ২০১০-১১’ এর চূড়ান্ত পর্বের পদক বিতরণ অনুষ্ঠান ঘিরেই জমে উঠেছিল জমজমাট বিতর্কের আসর।পুরস্কার বিতরণের ফাঁকে ফাঁকে বিতার্কিকদের কথামালায় প্রাণবন্ত হয়ে উঠেছিল এই আয়োজন। দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আদনান মান্নানের উপস্থাপনায় শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শুরুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিইউডিএসের মডারেটর ড. মাহবুবুল হককে জানানো হয় আজীবন সম্মাননা। এরপর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গত দুই বছরে বিতর্কের ক্ষেত্রে অর্জনের ভিত্তিতে নির্বাচিত তিনজনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক। স্কুল পর্যায়ে সিলভার বেলস স্কুলের ফারজিন হাসান, কলেজ পর্যায়ে চট্টগ্রাম কলেজের মুত্তাকিন চৌধুরী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেরা বিতার্কিক হিসেবে পদক পান মতিউর রহমান। স্কুল পর্যায়ের সেরা বিতর্ক সংগঠনের পুরস্কার ঘোষণা করতে এসে সঞ্চালকের অনুরোধে কবি ওমর কায়সার ছড়ার ছন্দে কিছুক্ষণ মাতিয়ে রাখেন দর্শকদের। স্কুল পর্যায়ে সেরা বিতর্ক সংগঠনের খেতাব পায় পাইওনিয়ারস অব কলেজিয়েট। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কার্যক্রমের ভিত্তিতে সেরা বিতর্ক সংগঠন নির্বাচিত হয় চুয়েটডিএস এবং অর্জনের ভিত্তিতে সেরা বিতর্ক সংগঠনের খেতাব পায় সিইউডিএস। এরপর গত দুই বছরের কার্যক্রমের ভিত্তিতে সেরা মডারেটরের পুরস্কার তুলে দেওয়া হয় সিলভার বেলস স্কুলের শিক্ষিকা দিলারা বেগমের হাতে। দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুলকে সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়। সেরা উদীয়মান বিতর্ক সংগঠনের খেতাব ওঠে পিইউডিএসের হাতে যারা মাত্র এক বছরে বিতর্ক অঙ্গনকে করেছে অনেক সমৃদ্ধ। সেরা বিচারকের খেতাব পান জুয়েল চৌধুরী এবং সেরা উৎসাহ প্রদানকারী হিসেবে স্বীকৃতি পান ডা. মাসুদ রানা। শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার ওঠে প্রিয়ম দাশ ও রাকিব তৌসিফের হাতে। দৃষ্টির সেক্রেটারিয়াল পুরস্কার পান দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আহসানুল আলম পারভেজ, আবদুল্লাহ আল ফারুক, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ফরিদ আহমেদ চৌধুরী, প্রথম আলোর সহকারী বার্তা সমপাদক ওমর কায়সার, দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি শেহজাদ হক, শহিদুল ইসলাম, বনকুসুম বড়ুয়া, মুজিবুর রহমান, সাইফুদ্দীন মুন্না ও সাবের শাহ।