গত ২৪ মের বৃষ্টিস্নাত রাত। একটি গাড়ি ছুটে চলেছে কুষ্টিয়ার উদ্দেশে। ১৫ জন যাত্রী। সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজের শিক্ষার্থী। গাড়িতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তিতর্কে মেতেছেন সবাই। ‘গাড়িতে সবাই গান করে, আড্ডা দেয় অথচ আপনারা কিনা রসকষহীন বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন।’ গাড়িচালকের মুখে বিরক্তির ছাপ। তাতে অবশ্য কারও কোনো মাথাব্যথা নেই। সবাই রাজনীতি-অর্থনীতি আর দেশের নানা বিষয় নিয়ে আলোচনায় ব্যস্ত। ব্যস্ত থাকবেই না কেন? ১৫ জনই যে বিতার্কিক। কুষ্টিয়ায় ‘এনডিএফবিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব’-এ অংশ নিতে এ যাত্রা। এর আগে অবশ্য এ দলটিই গত ১৮ মে ঘুরে এসেছে ‘প্রথম এনডিএফবিডি চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক কর্মশালা ও উৎসব-২০১২’ থেকে।চট্টগ্রামের অভিযান শেষে বিতার্কিকদের যাত্রা এখন কুষ্টিয়া অভিমুখে। ১৫ জনের এ দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) চেয়ারম্যান এ কে এম শোয়েব। দেশব্যাপী এ অভিযান নিয়ে কথা হয় তাঁর সঙ্গে। ‘বিতর্ক নামক শিল্পকে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের বার্ষিক নিয়মিত কাজ হিসেবে বিভাগীয় বিতর্ক উৎসবের শুরু। দেশের প্রত্যন্ত অঞ্চলে বিতর্ককে ছড়িয়ে দেওয়ার প্রয়াসেই এনডিএফবিডি সারা দেশের বিতর্ক সংগঠনগুলোকে নিয়ে কাজ করে যাচ্ছে।’‘গত শুক্রবারই চট্টগ্রাম থেকে বিতর্ক করে ঢাকায় ফিরলাম। এখন আবার কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছি। কষ্ট হলেও আবার এই ভেবে ভালো লাগছে যে আমরা বিতর্ককে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছি। তাই এ দলের একজন সদস্য হতে পেরে আনন্দই লাগছে।’ বলছিলেন ইডেন মহিলা কলেজের বিতার্কিক ফাহমিদা ইয়াসমিন।চট্টগ্রাম ও কুষ্টিয়ার বিভাগীয় বিতর্ক উৎসবে চট্টগ্রাম ও খুলনা বিভাগের ২০টি জেলার ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ বিতাকির্ক অংশ নেন। উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, মডেল বিতর্ক, বিতর্ক কর্মশালা, উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণসহ নানা বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে বন্দর নগর চট্টগ্রাম এবং রবীন্দ্রনাথ আর লালনের শহর কুষ্টিয়া। কুষ্টিয়ার বিতর্ক উৎসবে বিতার্কিকদের উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।কুষ্টিয়ার উৎসব শেষে বিতার্কিকেরা আবারও ঢাকার উদ্দেশে পা বাড়িয়েছেন। টানা দুই সপ্তাহের সফরে ক্লান্ত সবাই। কিন্তু এর মাঝেও তাঁদের চোখে উৎসাহ। কারণ পরের সপ্তাহেই যে আবার রওনা হতে হবে উপকূলীয় জেলা ঝালকাঠির উদ্দেশে। দেখা হবে ঝালকাঠিতে...