যুক্তির পথযাত্রী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফল্যের স্মারকসহ চার কিশোর বিতার্কিক—মানসিব তাহসিন, রিয়াসাত মোর্শেদ খান, শিহাব আর-রাসাদ ও সৌম্য স্বরাজ, প্রথম আলো
সাফল্যের স্মারকসহ চার কিশোর বিতার্কিক—মানসিব তাহসিন, রিয়াসাত মোর্শেদ খান, শিহাব আর-রাসাদ ও সৌম্য স্বরাজ, প্রথম আলো

মানসিব তাহসিন, রিয়াসাত মোর্শেদ খান, শিহাব আর-রাসাদ—তিন কিশোর বিতার্কিক। চোখমুখে বিশ্বজয়ের স্বপ্ন। স্বপ্ন দেখারই কথা। কারণ, তাদের বৃহস্পতি এখন তুঙ্গে। বড় দুটি শিরোপা যে তাদের ঝুলিতে; তাও রাজধানীর বাঘা বাঘা বিতার্কিকের ঘায়েল করে।

বিতর্ক দলটি জিতেছে বাংলা মাধ্যমে অনুষ্ঠিত এআইইউবি জুনিয়র সংসদ বিতর্ক প্রতিযোগিতার শিরোপা। সবে এসএসসি পরীক্ষা দেওয়া এই বিতার্কিকেরা যুক্তিবাণে পরাস্ত করেছে ঢাকার নামী বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিকে পড়ুয়া বিতার্কিকদের। এ বিতর্ক প্রতিযোগিতার এক সপ্তাহ পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এনএসইউ পোডিয়াম ২০১৪। ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রিয়াসাতের বদলে মানসিব ও শিহাবের সঙ্গে যুক্ত হয় তাঁদের সহপাঠী সৌম্য স্বরাজ। এ প্রতিযোগিতার শুরুর দিকে কলেজিয়েটের বিতার্কিকেরা কিছুটা পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত নোভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়নের শিরোপা নিয়েই চট্টগ্রাম ফিরেছে।

গত ৩ এপ্রিল থেকে শুরু হয় এআইইউবি জুনিয়র সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিতর্ক দলটি প্রথম রাউন্ডে মতিঝিল মডেল স্কুল ও কলেজ এবং কোয়ার্টার ফাইনালে নটর ডেম কলেজের বিটা দলকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। সেমিতে তাঁরা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুুর রউফ কলেজের অনির্বাণ দলকে হারিয়ে ফাইনালে যায়। ফাইনালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের অগ্নিবীণা দলের মুখোমুখি হয় কলেজিয়েট স্কুল। ‘তবুও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এ বিষয়ের ওপর বিরোধী দল হিসেবে সংসদীয় বিতর্কে অংশ নিয়ে শিরোপা অর্জন করে কলেজিয়েট স্কুলের বিতার্কিকেরা। এ ছাড়া গত ১০ এপ্রিল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বসে হোমস ৭১-এনএসইউ পোডিয়াম শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আসর। এই প্রতিযোগিতায় নোভিস ক্যাটাগরিতে সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়। এখানে তারা মোকাবিলা করে রাজউক উত্তরা মডেল কলেজের। সেমিতে জয়লাভ করে তারা ফাইনালে সানিডেল স্কুলের মুখোমুখি হয়। এখানেও বিরোধী দলে অবস্থান নিয়ে শিরোপা অর্জন করে তারা।

সম্প্রতি তাদের সঙ্গে কথা হয় প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে। শুরুতেই পুরস্কার জিতে কেমন লাগছে প্রশ্ন করতেই লুফে নিল রিয়াসাত। সে জানাল, বেশি ভালো লাগা কাজ করছে নিজের বিদ্যালয় ও শহরকে উপস্থাপন করতে পেরে। তাঁর ভাষায়, ‘এ পুরস্কারটি একদিকে যেমন কলেজিয়েটের সুনাম বৃদ্ধি করবে, সেই সঙ্গে চট্টগ্রামেরও সম্মান বাড়িয়েছে।’ রিয়াসাতের এ কথার সঙ্গে আরও কিছু যোগ করল মানসিব। সে বলল, ‘চট্টগ্রামের বিতর্ক দলগুলো সাধারণত খুব একটা চট্টগ্রামের বাইরে যেতে চায় না। আর চট্টগ্রামের বাইরে গেলেও তেমন একটা ভালো করতে পারে না। এই বৃত্ত থেকে বের হতে পেরে ভালো লাগছে খুব।’ শিহাব ও সৌম্য জানাল, জাতীয় বিতর্ক অঙ্গনে ঢাকার আধিপত্য ভাঙতে পেরে তারা খুব খুশি।

বিতর্ক নিয়ে অনেক স্বপ্ন এই কিশোর বিতর্ক তারকাদের। বিতর্ককে তারা নিয়ে যেতে চায় অনেক দূর। ইতিমধ্যেই বিতর্ক চর্চার প্রসারে তারা শুরু করেছে কাজ। সপ্তাহে তিন দিন করে তারা কলেজিয়েট স্কুলে গিয়ে অনুজ শিক্ষার্থীদের বিতর্কের প্রতি উৎসাহিত করে, সে সঙ্গে বিতর্ক শেখায় নানা কৌশল। এই চর্চা তারা ধীরে ধীরে ছড়িয়ে দিতে চায় চট্টগ্রামের সব বিদ্যালয়ে। শুধু বিতর্ক নয়, ব্যক্তিজীবনের নিজস্ব স্বপ্নগুলোও তাদের আকাশছোঁয়া। আর সে গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছে তারা। সৌম্যের স্বপ্ন যন্ত্রকৌশলী হওয়া, রিয়াসাত হতে চায় পদার্থ বিজ্ঞানী আর শিহাবের ইচ্ছা চিকিৎসক হয়ে সবার সেবা করা। তবে মানসিবের স্বপ্ন, সে জাতিসংঘের কূটনীতিক হিসেবে কাজ করবে।