যুক্তির পিঠে যুক্তি
বিজয়ী দলের নাম ঘোষণা করা হলো। আর সঙ্গে সঙ্গে কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের উচ্ছ্বাস উপচে পড়ল বাঁধভাঙা জোয়ারের মতো। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অন্তর্বিভাগ বিতর্ক প্রতিযোগিতার বিজয়মুকুট যে উঠল এবার তাঁদের মাথাতেই! এ দলের তিন শিক্ষার্থী জুয়েইরিযাহ মউ, মাহফুজুর রহমান ও রকিবুল হুদা। আর একটু পরে তাঁদের সঙ্গে হাত মেলাতে দেখা গেল এ বিতর্ক প্রতিযোগিতার রানার আপ দল ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী রাসেল আহমেদ, আবু সালেহ মুসা ও আসাদুজ্জামানকে। একটু আগেই অবশ্য চিত্র ছিল ঠিক এর উল্টো। বাক্যবাণে বিদ্ধ করছিল একদল অন্য দলকে। ‘আমরা তো সবাই বন্ধু। মঞ্চে উঠেছি বলেই না যুক্তির পিঠে যুক্তি দিয়ে তর্ক করা।’ বললেন কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের দলনেতা জুয়েইরিযাহ মউ। ২০ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সাতটি বিভাগের সাতটি দল নিয়ে চলে এ বিতর্ক প্রতিযোগিতা।এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্টেট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। কেমন হবে সামনের দিনগুলো? এমন প্রশ্নের জবাবে শ্রেষ্ঠ বিতার্কিক জুয়েইরিযাহ মউ বলেন, ‘আমাদের ইচ্ছা, আগামী বছরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল নিয়ে বড় পরিসরে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা এবং অন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা।’৮ ডিসেম্বর চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সঠিক নেতৃত্বের অভাবে সমাজ ও দেশ পিছিয়ে পড়ে। দেশকে সঠিক পথে নিতে নতুন প্রজন্মকেই দায়িত্ব নিতে হবে। তরুণেরাই সত্যিকারের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করতে পারবে বলে আশা রাখি।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের (এসইউবি) ট্রাস্টি বোর্ডের সদস্য সালেহা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এসইউবির উপাচার্য ইফতেখার গনি চৌধুরীসহ অন্য শিক্ষকেরা।