যুক্তির ভোরে, আলোকিত করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কে বিজয়ীেদর উল্লাস
বিতর্কে বিজয়ীেদর উল্লাস

‘জ্ঞানের সমৃদ্ধির জন্য পাঠ্যসূচিভিত্তিক জ্ঞানই যথেষ্ট’। এনডিএফবিডি নবম জাতীয় বিতর্ক উত্সব ২০১৬-এর একটি পর্বে এই বিতর্কে বিপক্ষে অবস্থান নিয়েছিল গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সাদিকা তাসনিম। তার বক্তব্য, জ্ঞান অর্জনে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়। বরং বাইরের পৃথিবী ও ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মিশে জানাশোনা বাড়ানোটাও জরুরি। বিতর্ক শেষে বিচারকের ভূমিকায় থাকা জাতীয় শিশু একাডেমীর মিলনায়তনভর্তি দর্শকেরাও আনিকার এ বক্তব্যের ‘হ্যাঁ’ ভোটে একমত পোষণ করেন। এভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে গত ২৫ জানুয়ারি শেষ হলো বিতর্কের এই বড় আয়োজন।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি) দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার এবারের স্লোগান ‘হৃদয় বলছে...ওই তো যুক্তির ভোর’। এই আয়োজনে সারা দেশের ২৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২০০০ শিক্ষার্থী অংশ নেয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনে দুই দিন মুখরিত ছিল শিশু একাডেমীর প্রাঙ্গণ।
২৪ জানুয়ারি সকাল ১০টায় আয়োজিত র্যালিতে অর্থনীতিবিদ আবুল বারকাত ছাড়াও শিক্ষক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিতার্কিকেরা অংশ নেন। এরপর শিশু একাডেমী মিলনায়তনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘বিতর্ক সত্য উদ্ঘাটনে সাহায্য করে। বুদ্ধি-বিবেক দিয়ে ন্যায় ও অন্যায়কে আলাদা করতে শেখায়। উদ্বোধনী পর্বে এনডিএফবিডি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে আজীবন সম্মাননা প্রদান করে।
প্রথম দিন কেটেছে শিশুদের বিতর্ক, ইংরেজি বারোয়ারি বিতর্ক, বৈশ্বিক বিতর্ক, বিতর্কের কর্মশালাসহ নানা আয়োজনে। দ্বিতীয় দিনে ছিল কুইজ প্রতিযোগিতা, ইংরেজি সংসদীয় বিতর্কের কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতার মূল পর্ব, আঞ্চলিক বিতর্ক, বাংলা বারোয়ারি বিতর্ক ও রম্য বিতর্ক। সব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এনডিএফবিডির সভাপতি এ কে এম শোয়েব বলেন, ‘বিতর্ক এমন একটি শিল্প, যার মাধ্যমে যুক্তিভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।’