যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়ন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা
চ্যাম্পিয়ন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা

গভীর রাতে বাস থেকে নামল একদল তরুণ। তাকিয়ে দেখল, রাতের অন্ধকার দূর করে দিয়ে মরিচ বাতির আলোয় ঝলমল করছে একটি ক্যাম্পাস। বিতর্কের মধ্য দিয়ে আলোকিত, যুক্তিবাদী মানুষ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছে যে সংগঠন, সেই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) সদস্য এই তরুণেরা। আর আলোকোজ্জ্বল ক্যাম্পাসটি ছিল রাজশাহী মেডিকেল কলেজ।

এখানেই আয়োজিত হলো ‘যুক্তির মুখরতায় জাগ্রত মানবতা’ স্লোগানে ‘ফারাজ আইয়াজ হোসেন স্মরণে, ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ পঞ্চম এনডিএফ বিডি-আরএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক উৎসব ২০১৬’। গত ১৪ ও ১৫ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয় দেশের মেডিকেল শিক্ষার্থী বিতার্কিকদের এই মিলনমেলা। হলি আর্টিজানের জঙ্গি হামলায় মৃত্যু অবধারিত জেনেও বন্ধুদের সঙ্গে থেকে গিয়েছিলে যেই ফারাজ আইয়াজ হোসেন, তাঁর স্মরণেই আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতা। এনডিএফ বিডি এবং রাজশাহী মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাব যৌথভাবে এই বিতর্কের আয়োজন করে।

৪৫টি সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের সহস্রাধিক শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান ও সভাপতি হিসেবে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ মাসুম হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব ও ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন।

উৎসবের প্রথম দিনে ছিল দুই রাউন্ড বিতর্ক প্রতিযোগিতা। প্রথম রাউন্ডের কুইজ ও বাংলা বারোয়ারি বিতর্ক এবং ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের কুইজ শেষে ফাইনাল রাউন্ডে ওঠে রাজশাহী মেডিকেল কলেজ-১, ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ-৩, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজ-২। প্রথম দিন সন্ধ্যায় সারা দেশ থেকে আগত মেডিকেল শিক্ষার্থীদের উপস্থাপনায় পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের দ্বিতীয় দিন ‘সড়ক দুর্ঘটনায় প্রাথমিক করণীয়’ বিষয়ে সেমিনার পরিচালনা করেন খ্যাতিমান অর্থোপেডিক সার্জন ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাবেক সভাপতি প্রফেসর ডা. আমজাদ হোসেন। সন্ধ্যার আকাশ গোলাপি আভায় ভরে উঠতেই শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একে একে ঘোষণা হতে থাকে বিজয়ীদের নাম। উৎসবে বাংলা বারোয়ারি বিতর্কে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ঢাকা মেডিকেল কলেজের ফাইরুজ মাইশা, যৌথভাবে রাজশাহী মেডিকেল কলেজের ইসমিতা সরকার ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের মুশফিকুর রহিম ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাকওয়ান মুসতাকিন। ইংলিশ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে কুষ্টিয়া মেডিকেল কলেজের আফরিন তাসনিম, যৌথভাবে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মারুফ পারভেজ ও তানজিমা আক্তার জিনাত এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সাইমা আলী।

কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ-২ ও রাজশাহী মেডিকেল কলেজ-১। উৎসবের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও রানার্সআপ হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ।