যুক্তির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে মাত্র ২০ মিনিট সময়। এরই মধ্যে নির্দিষ্ট বিষয়ের পক্ষে যাবতীয় যুক্তি সাজাতে হবে। একটু পরেই যে উপস্থাপনা! তাই ব্যস্ততা মাত্রাহীন। কিন্তু আসতে একটু দেরি করে ফেললেন একজন। ফলে ২০ মিনিটের জায়গায় হাতে পাওয়া গেল মাত্র ১৩ মিনিট। কী আর করা, এই ১৩ মিনিটকেই পুরোদস্তুর কাজে লাগালেন তাঁরা। নিজেদের পক্ষে সাজালেন যুুক্তির জাল। না, ব্যর্থতা আসেনি। শেষমেশ চ্যাম্পিয়ন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই এনএসইউ-৩ নামের দলটিই। ২১ এপ্রিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) মাল্টিপারপাস হলে ছিল বিশাল আয়োজন। বিতার্কিকেরা ব্যস্ত ছিলেন তাঁদের বিতর্কের বিষয়ে যুক্তি উপস্থাপন নিয়ে আর বিচারকদের ব্যস্ততা ছিল কার যুক্তি কতটা তুখোড় তার বিচারে। বাকিদের কাজ ছিল যুক্তির তর্কে দর্শক হয়ে নিজেকে শাণিত করা। আইইউবির আয়োজনে ‘ইফাদ আইইউবি ইন্টারভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ’-এ আইইউবি ছাড়াও অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), আইইউটি, বিইউইটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয়ের ২২টি দল।২৪ এপ্রিল ছিল বিতর্কের চূড়ান্ত পর্যায়। ফাইনালে যে দুটি দল বিতর্ক করে তারা উভয়ই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। চ্যাম্পিয়ন হয় নাদিল, জাফিয়া আর নাভিদদের নর্থ সাউথ-৩ দলটি।কথা হলো বিজয়ী দলের তিন বিতার্কিকের সঙ্গে। বিতার্কিক নাদিল আজাদ চৌধুরী বিবিএর শিক্ষার্থী। তিনি বললেন, ‘আমাদের দলটি অনেক ভালো কাজ করেছে। গ্রুপে কাজ করতে হলে সবাইকে ভালো করতে হয়। না হলে দল এগিয়ে যেতে পারে না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাব থেকে আমরা অনেক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আন্তর্জাতিক বিতর্কে অংশ নিতে ব্যাংকক ও ভারতে গেছি। সেসব ক্ষেত্রে হয়তো দলের সদস্যরা পরিবর্তিত হয়েছে। কিন্তু আমরা সব সময় মনে করেছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরছি।’দুই বছর ধরে বিতর্ক করছেন বিজয়ী দলের আরেক কান্ডারি জাফিয়া নুজহাত হায়দার। তিনি বলেন, ‘দুই বছর আগে আমরা তিনজন একসাথে একবার বিতর্ক করেছিলাম। সেবারও চাম্পিয়ন। এবারও একসাথে বিতর্ক করে চ্যাম্পিয়ন হলাম। বিতর্ক আমাকে অনেক টানে। বিতর্কই আমাকে যৌক্তিক করে তোলে। বিতর্ক আমাকে কথা বলতে, নিজেকে উপস্থাপন করতে, যুক্তিযুক্ত কথা বলতে শেখায়।’নাভিদ আদনান বলেন, ‘যত দিন পারব বিতর্ক করে যাব। ইচ্ছা আছে, অন্যদের বিতার্কিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করব। যখন নতুন নতুন বিষয় নিয়ে বিতর্ক করি তখন সেই বিষয়টার আদ্যোপান্ত জানা হয়ে যায়, যা আমাকে আরও বেশি তথ্যবহুল করে তোলে।’বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা নির্বাচিত হয়েছেন বিপক্ষ দল এনএসইউ-১-এর কায়সার কবীর। তিনি বলেন, ‘সেরা বক্তা হওয়াটা অবশ্যই অনেক বেশি আনন্দের। তবে দল চাম্পিয়ন হলে আরও ভালো লাগত। অবশ্য একটা বিষয় এই যে ট্রফিটা আমাদের বিশ্ববিদ্যালয়েই এসেছে। সেটা অনেক ভালো লাগছে।’আইইউবির ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ইপ্সিত তরফদার বলেন, ‘বিতর্ক শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তোলে। কেননা যুক্তি দিতে হলে সঠিক তথ্য জানতে হবে।’ বিতর্কের বিকল্প নেই। বিতর্কই আয়োজন করে নির্মল আনন্দ দেয়। বিতর্ক চলুক অবিরাম।