‘অব্যবস্থাপনা নয়, মানহীনতাই আমাদের শিক্ষাব্যবস্থার মূল সমস্যা’—প্রস্তাবটি সংসদে উপস্থাপন করল সরকারি দল। পক্ষে যুক্তি দিল, ‘তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় আমরা বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে পারছি না, তাই ভালো ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার মান ক্রমাগত কমে যাচ্ছে। আর এটিই শিক্ষাব্যবস্থার মূল সমস্যা।’ অন্যদিকে বিরোধীদলীয় সাংসদেরা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ‘আপনারা কেন আইন করে শিক্ষাব্যবস্থার মান ঠিক করতে পারছেন না। এটি কি আপনাদের অব্যবস্থাপনা নয়?’ এ রকম যুক্তি-পাল্টা যুক্তির মধ্য দিয়ে চলছিল সংসদ। এর মধ্যে হয়নি কোনো ধরনের ওয়াকআউট কিংবা ফাইল ছোড়াছুড়ি। হয়েছে শুধু যুক্তির লড়াই। ৪ জুন শেষ হওয়া নগরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) প্রকৌশল অনুষদের দ্বিতীয় আন্তসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এমনই প্রাণবন্ত ছিল। প্রকৌশল অনুষদের পক্ষকালব্যাপী জমজমাট এই আয়োজনে প্রকৌশল অনুষদের বিভিন্ন অর্ধবর্ষের মোট আটটি দল অংশ নেয়। অংশ নেওয়া দলগুলো হলো: এভারগ্রিন থ্রি, শর্ট সার্কিট, লুমিনারি ফোর, ভয়েস ওয়ারিয়র, প্লেইন ডিলার, স্বাধীন, পাইওনিয়ার ও আবহমান। চূড়ান্ত পর্বে ‘শর্ট সার্কিট’ সরকারি দলে এবং ‘এভারগ্রিন থ্রি’ বিরোধী দলের ভূমিকায় ছিল। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তুখোড় যুক্তিবানে সরকারি দলকে বিপর্যস্ত করে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নেয় বিরোধী দলে থাকা তড়িত্ প্রকৌশল বিভাগের তৃতীয় সেমিস্টার দল ‘এভারগ্রিন থ্রি’। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রানার্সআপ দল ‘শর্ট সার্কিটের’ লিজা দে। চূড়ান্ত পর্বের বিতর্কের পর শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন রেজাউল করিম। প্রকৌশল অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনায় বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, পিইউডিএসের সভাপতি সাইফুদ্দিন মুন্না ও দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক সাবের শাহ। সভাপতিত্ব করেন তড়িত্ কৌশল বিভাগের শিক্ষক রিকু চৌধুরী।