যুক্তির লড়াইয়ের নতুন যোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টি স্কুল অব ডিবেটের ১২তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খুদে বিতার্কিকেরা
দৃষ্টি স্কুল অব ডিবেটের ১২তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খুদে বিতার্কিকেরা

কেউ এখনো পেরোইনি বিদ্যালয়ের গণ্ডি। তার পরও চারপাশের সবকিছুতেই নজর তাদের। সব অসংগতি দূর করতে যুক্তির লড়াইয়ে শামিল হওয়ার স্বপ্ন তাদের। বিতার্কিক হয়ে যুক্তির ফেরিওয়ালা হতে চায় তারা। রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটি-দৃষ্টি স্কুল অব ডিবেটের ১২তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে জানায় তাদের স্বপ্নের কথা। ৯ নভেম্বর নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এই সমাবর্তন।
এ আয়োজনে সমাবর্তন বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা ভূমি কমিশনের যুগ্ম জেলা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান । তিনি বলেন, ‘নীতি ও আদর্শের জন্য আমাদের খারাপ সবকিছুকে অতিক্রম করতে হবে। এ জন্য ভাঙতে হবে পুরোনো প্রথা। তবেই আলো আসবে।’ সম্প্রতি বিশ্ব বিতর্কে বাংলাদেশের শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শুধুু বিতর্কের মঞ্চে নয়, সারা পৃথিবীকে আমরা অন্যান্য ক্ষেত্রেও হারাতে পারি। এ জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও নিষ্ঠা।’ দৃষ্টি চট্টগ্রামের উপদেষ্টা মোহাম্মদ রোসাঙ্গীর বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক উদয় শংকর দাশ, অভিনেত্রী শুভ্রা বিশ্বাস, সিটি হোমস লিমিটেডের প্রধান নির্বাহী খোরশেদুল আলম, রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হক, সহসভাপতি বনকুসুম বড়ুয়া ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম। অনুষ্ঠানে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৭ জন খুদে শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা। এতে ‘অ্যাওয়ার্ড অব এক্সসিলেন্স’ পদক লাভ করে কলেজিয়েট বিদ্যালয়ের কাজী আকিব হোসেন ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের মাসফিক মিজান।