
২০১২ সালে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনার পাঠ চুকিয়েছেন আরিফুর রহমান। এরপর েথকে ব্যস্ত আইন পেশা নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্মৃতি কী ভোলা যায়। তাই উপলক্ষ পেতেই সেই ফেলে আসা দিনে ফিরে যাওয়ার চেষ্টা। এসেই পুরোনো বন্ধুদের কাছে পেয়ে সে কী আনন্দ! অন্য রকম একটি দিন কাটালেন। শুধু আরিফুর নয়, অনেকেরই এমন আনন্দে দিন কাটল।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যুগপূর্তি উপলক্ষে গত ৩০ জানুয়ারি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় অনুষ্ঠানমালা। নগরের একটি কমিউনিটি সেন্টারে বসে এই আসর।
মূল আনুষ্ঠানিকতা শুরু হয় সন্ধ্যা ছয়টায়। প্রথম পর্বে ছিল কথামালা। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, ‘সবার সম্মিলিত সহযোগিতায় অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র অবকাঠামোর উন্নয়ন হলেই যে দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে এটা বলা ঠিক হবে না। দেখার বিষয় হচ্ছে মানব বা মানবাধিকারের উন্নয়নে আমরা কতটুকু এগিয়েছি।’ আরও বক্তব্য দেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা, প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানসহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্যরা।
কথামালা শেষে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। নানা-নাতি সেজে ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে মঞ্চে আসেন বিজয় সরকার ও সিরাজুল মোস্তফা। তাঁদের পরিবেশনায় হাসির রোল পড়ে যায় মিলনায়তনে। এরপর সমবেত কণ্ঠে গান ‘যে মাটির বুকে, ঘুমিয়ে আছে’। গানের রেশ না কাটতেই নাচে মঞ্চ মাতান মৃত্তিকা ধর। এভাবে কখনো আবৃত্তি, কখনো গান-নাচে জমে ওঠে অনুষ্ঠান। ছিল ফ্যাশন শোও। শিক্ষার্থীদের পরিবেশনা শেষে গান গেয়ে শোনায় ব্যান্ডদল নাটাই।
অনুষ্ঠানে আসা ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী লিপি আক্তার বলেন, ‘অনেক পুরোনো বন্ধুর দেখা পেয়েছি। সবাই মিলে আবার প্রাণ খুলে আড্ডা দিলাম অনেক দিন পর।’