যুগলবন্দীতে সমাজের প্রতিচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুগলবন্দী নাটকের একটি দৃশ্য
যুগলবন্দী নাটকের একটি দৃশ্য

প্রতাপশালী সুলতান। কিন্তু সন্তান না থাকায় বংশ রক্ষা নিয়ে তাঁর চিন্তার শেষ নেই। একদিন সুলতানের বেগমের কোল আলো করে এলো যমজ ছেলে। খুশিতে আটখানা হয়ে সন্তান দেখতে গেলেন সুলতান। কিন্তু এ কী! ছেলেদের দেখে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ল। দুই ছেলে শুধু যমজ নয়, পিঠেও জোড়া লাগানো। মোসাহেব ফৌজির কথায় সুলতান তাঁর ছেলে দুটিকে আলাদা না করে একসঙ্গে রেখে দেন। কিন্তু এতেই বাধে বিপত্তি। একসময় সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় দুই ভাইয়ের মধ্যে। এভাবেই এগিয়ে যায় যুগলবন্দী নাটকের কাহিনি।
১৬ নভেম্বর চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে নান্দীমুখের নাট্যত্রয়ী সন্ধ্যায় এ নাটকটি মঞ্চস্থ করে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল (ঢাকা)। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র ও নির্দেশনা দিয়েছেন জামাল উদ্দীন হোসেন।
নাটকের শেষ দৃশ্যে দেখা যায়, একসময় দুই ভাইয়ের বোধোদয় হয় দ্বন্দ্বে জড়িয়ে লাভ নেই। কারণ এক ভাই মারা গেলে আরেকজনকেও জীবিত অবস্থায় তাঁর সঙ্গে যেতে হবে কবরে।
এ ছাড়া নান্দীমুখের নাট্যত্রয়ী সন্ধ্যায় ১৭ নভেম্বর ছিল নান্দীমুখের পরিবেশিত নাটক তবুও মানুষ। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন অভিজিত্ সেনগুপ্ত। ১৮ নভেম্বর ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ পরিবেশন করে নাটক জর্জ দ্যঁদা। এই নাটকের নাট্যসৃজন ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।
তিন দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্যজন শান্তনু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। সমাপনী দিনে আলোচনা করেন নাট্যজন সুচরিত দাশ ও মোসলেম উদ্দিন শিকদার।