যুগে যুগে জীবাণুমুক্ত হাত
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে নানা নির্দেশনা দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যার মধ্যে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হচ্ছে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার কথাও। অবশ্য জীবাণু থেকে সুরক্ষা পেতে হাত পরিষ্কার রাখার ধারণা বা অভ্যাস নতুন নয়। সময়ে সময়ে কীভাবে বিবর্তিত হয়েছে হাত জীবাণুমুক্ত রাখার ধারণা ও উপকরণ, তা-ই এবারের সময়রেখায়।
১৮৪৭ সাল
অস্ট্রিয়ার ভিয়েনা শহরের একটি হাসপাতালে কাজ করতেন ইগনাজ স্যামেলওয়াইজ (১৮১৮-১৮৬৫)। হাঙ্গেরীয় এই চিকিৎসক ও বিজ্ঞানী হাসপাতালে মাতৃমৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে চিকিৎসার আগে হাত ধোয়ার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে আনেন। কিন্তু এ তথ্য প্রতিষ্ঠা করতে তাঁকে ব্যাপক মূল্য দিতে হয়েছে। হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরায় একঘরে ও উন্মাদ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল তাঁকে। তবে ১৮৪৭ সালে তিনি ক্লোরিনেটেড লাইম দ্রবণকে স্যানিটাইজার হিসেবে পরিচয় করিয়ে দেন।
১৮৬১ সাল
ইগনাজ স্যামেলওয়াইজের কাজের ওপর ভিত্তি করে অধিকতর গবেষণা করেন ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ লুই পাস্তুর (১৮২২-১৮৯৫)। সেই গবেষণা থেকে তিনি প্রকাশ করেন ‘জার্ম থিওরি’ বা জীবাণুতত্ত্ব। তিনি ব্যাখ্যা করেন অপরিচ্ছন্নতার কারণে ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে বিভিন্ন প্রাণঘাতী রোগ হয়ে থাকে।
১৮৬৭ সাল
প্রাণঘাতী রোগের সংক্রমণ থেকে বাঁচতে হাত ধোয়ার প্রয়োজনীয়তা নিয়ে কয়েক বছর ধরে ব্যাপক প্রচারণা চালান ব্রিটিশ চিকিৎসক জোসেফ লিস্টার (১৮২৭-১৯১২)। সেই প্রচারণা ইতিবাচক প্রভাব ফেলে। তখন দেখা যায়, চিকিৎসকদের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে সচেতনতা বেড়েছে।
১৯৮০-র দশক
ইগনাজ স্যামেলওয়াইজ হাত ধোয়ার যে প্রয়োজনীয়তার বার্তা দিয়েছিলেন, তা–ই দিনে দিনে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ১৯৮০-এর দশকের শুরুর দিকে ভালোভাবে হাত ধোয়ার একটি জাতীয় নির্দেশনা প্রকাশ করে বিষয়টিকে বাধ্যতামূলক করে।
১৯৯৫ সাল
যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিসেস অ্যাডভাইজরি কমিটি (হিকপ্যাক) যেকোনো রোগীর কাছে যাওয়ার আগে অ্যান্টিমাইক্রোবিয়াল সাবান কিংবা পানিবিহীন অ্যান্টিসেপ্টিক ব্যবহারের নির্দেশনা দেয় ১৯৯৫ সালের দিকে।
২০০২ সাল
কিঞ্চিৎ অ্যালকোহলসমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজারকে হাত জীবাণুমুক্ত করার কার্যকরী উপাদান হিসেবে স্বীকৃতি দিয়ে নির্দেশনা প্রকাশনা করে যুক্তরাষ্ট্রের হিকপ্যাক।
ন্যাশনাল জিওগ্রাফিক ও এনসিবিআই অবলম্বনে আকিব মো. সাতিল