যুদ্ধ থেকে মঞ্চে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

’৭১-সালের ২৫ মার্চের পরপরই রওনা হয়েছিলেন মুক্তিযুদ্ধে। বিজয়ীর বেশে যুদ্ধের ময়দান থেকে ফিরেই নেমেছিলেন মঞ্চের নাট্যনির্দেশনার কাজে। নাসির উদ্দীন ইউসুফ এখন মঞ্চের কাজের পাশাপাশি রোজ পরিবেশন করে চলেছেন টিভি অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধ প্রতিদিন’। বিচিত্রগামী, সদাব্যস্ত কিন্তু সদাহাস্যময় এই ব্যক্তিত্বকে নিয়ে এবারের মূল রচনাগত বছরের গ্রীষ্মকালের কথা। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহর। আমরা উঠেছি হোটেল হিলটনে। হোটেলের কনভেনশন সেন্টারে হবে ফোবানা—বাঙালিদের সম্মেলন। আনিসুজ্জামান স্যার আছেন, আছেন কবি রফিক আজাদ, আর আছেন নাসির উদ্দীন ইউসুফ। তিনজনই মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার সান্নিধ্য আমার কাছে দেবদর্শনের মতো লাগে। তার ওপর তিনজনই কৃতবিদ্য বিখ্যাত মানুষ।নাসির উদ্দীন ইউসুফের কাছে এলেন মধ্যবয়সী নাতিদীর্ঘ এক মানুষ। তাঁর নাম মুনির। মুনির এসেই নাসির উদ্দীন ইউসুফকে সামরিক কায়দায় স্যালুট করলেন। তারপর তাঁরা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন।বহু বছর পর মুনিরের সঙ্গে দেখা হলো ইউসুফের। বহুদিন আগে দেশ ছেড়েছেন মুনির। পাড়ি জমিয়েছেন আমেরিকায়। কিন্তু এই সামরিক অভিবাদনের কারণ কী?মুনির একজন মুক্তিযোদ্ধা। এফএফ (ফ্রিডম ফাইটার)। নাসির উদ্দীন ইউসুফের দলে ছিলেন তিনি। ইউসুফ ছিলেন তাঁর কমান্ডার। মুনির ভাই খুবই রসিক মানুষ। জীবনের চরম ভয়াবহ অভিজ্ঞতাও তিনি বলতে পারেন কৌতুক করে করে। আমরা তাঁর মুখে শুনতে লাগলাম একাত্তর সালে তাঁদের মুসলিম কমার্শিয়াল ব্যাংক (জোনাকি সিনেমা হলের কাছে) অপারেশনের কথা। মুক্তিযুদ্ধের জন্য তহবিল জোগাড় করতে তাঁরা এই ব্যাংক লুট করবেন। যাঁর স্টেনগান নিয়ে আসার কথা, তিনি আসছেন না। কিন্তু মুনিরদের তর সইছে না। হাতে আছে একটা খেলনা পিস্তল। সেটাই দ্বাররক্ষীর পিঠে চেপে ধরে বললেন, ‘আমরা মুক্তিযোদ্ধা, কাঁধের অস্ত্র দিয়ে দাও।’ তাতেই কাজ হয়ে গেল। একটা রাইফেল পাওয়া গেল। সেটা নিয়ে ভেতরে ঢুকে যখন ক্যাশবাক্স থেকে টাকা নেবেন, তাঁরা দেখলেন, কোনো থলে আনা হয়নি। পরনের শার্ট খুলে টাকা বেঁধে নিলেন তাতে; তারপর যখন রাজপথে বেরিয়ে পড়েছেন, শার্টের দুই হাতার ফোকর গলে টাকা পড়তে লাগল। আর রাস্তার দুই ধারে লোক জমে গেছে। কী আশ্চর্য, তারা হাততালি দিয়ে উঠল! কারণ, ততক্ষণে জনতা জেনে গেছে, তাঁরা মুক্তিযোদ্ধা।নাসির উদ্দীন ইউসুফের উপস্থাপনায় মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনীও হলো ওই ফোবানা অনুষ্ঠানে। তাতে এফএফ মুনির এই গল্প শোনালেন। দর্শক হাসতে হাসতে অস্থির।কিন্তু যিনি হাসাতে পারেন, তাঁর চোখে যে কত পানি! মুক্তিযোদ্ধা কমান্ডার নাসির উদ্দীন ইউসুফকে বিদায় দেওয়ার সময় আবার তাঁর চোখে পানি। আবারও সামরিক কায়দায় অভিবাদন জানিয়ে তারপর বিদায় নিলেন মুনির।২নাসির উদ্দীন ইউসুফ মুক্তিযোদ্ধা। একাত্তর সালে তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, মানিকগঞ্জের সাভার এলাকায় একটা বড় মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালের ২৫ মার্চের পর কারফিউ তুলে নিলে তিনি দাউদকান্দি হয়ে কুমিল্লা যান। তারপর শুনতে পান যুদ্ধ হচ্ছে মিরসরাই। পায়ে হেঁটেই চলে যান চট্টগ্রাম, যুদ্ধের খোঁজে। এরপর ঢাকায় ফিরে এসে পান মেজর খালেদের বার্তা: ঢাকার ছাত্ররা যেন চলে যায় আগরতলার মেলাঘরে, ওখানে তাদের জন্য খোলা হয়েছে প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শেষে কীভাবে ফিরলেন? শোনা যাক তাঁর নিজের মুখেই, ‘ট্রেনিং শেষ, ঢাকায় যাচ্ছি। আমরা আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া রেললাইনের একটা ছোট্ট কালভার্ট অতিক্রম করেছি। আর একটু এগোলে সাইদাবাদ পুল। ...ওই ভয়াবহ স্থানটি পার হলে আমরা নিরাপদ। কিন্তু আমরা জানতাম না সেদিন দখলদার বাহিনী রাজাকারদের সরিয়ে নিজেরাই ব্রিজের দায়িত্ব নিয়েছে। যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে।‘অন্ধকার ভেদ করে প্রচণ্ড শব্দে শত্রুর স্বয়ংক্রিয় মেশিনগান আর মর্টারের শেলে আমরা বিপর্যস্ত। ...আমার নৌকার মাঝি ত্বরিত গতিতে নৌকা ঘুরিয়ে পিছে ফেলে আসা একটা মাটির চারের আড়ালে নৌকা নেওয়ার জন্য দ্রুত বেয়ে যাচ্ছে। নৌকার চারদিকে পানিতে টুপটাপ গুলির শব্দ। আমি নৌকা থেকে দেখতে চাচ্ছি কোথায় আমাদের দলের অন্য নৌকাগুলো।‘মাঝি ততক্ষণে মাটির চারের কাছে নৌকা এনে বাঁক নিয়েছে। হঠাৎ সে আমাকে ধাক্কা মেরে শুইয়ে দিয়ে চিৎকার করে উঠল, শুইয়ে পড়েন। গায়ে গুলি লাগতে পারে। আমিও ওকে পাল্টা বলতে যাচ্ছি এমন সময় এক ঝাঁক গুলি ওকে উড়িয়ে নিয়ে পানিতে ফেলে দিল।‘আমি দেখলাম মাঝির শরীর পানিতে দাপাদাপি করছে। কিছুক্ষণ পর তাকে আর দেখা গেল না। সেই মাঝির নাম জানা হয়নি। কোনো দিন জানা হবে না। অথচ আমি বেঁচে আছি, সেই মাঝির জীবনের বিনিময়ে।’ (ঘুম নেই গ্রন্থ থেকে)মৃত্যু প্রত্যক্ষ করে গিয়েছিলেন যুদ্ধে, প্রশিক্ষণ নিয়ে দেশে ঢোকার সময় দেখলেন মৃত্যু, ডিসেম্বরের ১৪ তারিখে যখন মানিকগঞ্জ-সাভার এলাকায় তাঁর দলটি ক্রমে স্থানীয় ছাত্র-যুবকদের অংশগ্রহণের ফলে বড় হয়ে গেছে, তখন তারা নিজেরাই সেখানে খুলেছিলেন প্রশিক্ষণ শিবির। তাঁরা শেষবারের মতো ঢাকায় ঢোকার আগে আবার দেখলেন মৃত্যু। এবার মারা গেল কিশোর মুক্তিযোদ্ধা টিটো। এক মাস আগে, নভেম্বরের ১৩ তারিখে তাঁর পাশে শহীদ হয়েছেন মানিক। তাঁরা গিয়েছিলেন ঢাকা-আরিচা সড়কের ভায়াডুবি সেতুর দখল নিতে। ৫৫ জনের মুক্তিযোদ্ধা দলের নেতৃত্ব দিচ্ছিলেন নাসির উদ্দীন ইউসুফ। মানিকগঞ্জের দিকে একদল মুক্তিযোদ্ধা ফ্লাংক-১, ঢাকার দিকে ফ্লাংক-২। নাসির উদ্দীন ইউসুফের মুখে শুনুন ঘটনার শেষ দিককার বর্ণনা, ‘মানিক আর সাবু ফ্লাংক-২-এ। আমি তখন ব্রিজে চার্জ বসাতে ব্যস্ত। হঠাৎ দেখলাম মানিকগঞ্জের দিক থেকে ছুটে আসছে শত্রুসৈন্যের গাড়ি। ভীত হয়ে পড়লাম। ফ্লাংক-১ কী করল! ওরা কি পারল না ঠেকাতে! আমি দৌড়ে গেলাম ফ্লাংক-২-এ, দেখি সাবু তার এলএমজি নিয়ে ট্রেঞ্চে বসে। দ্রুত ছুটে আসছে শত্রুর গাড়ি। গুলি ছুড়ল সাবু এবং সঙ্গে আরও কয়েকজন। শত্রুর গাড়ি এখন বেসামাল। ওরা বুঝল ফাঁদে পড়ে গেছে। তাই বেপরোয়া হয়ে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে ঢাকার দিকে। প্রচণ্ড গোলাগুলির মাঝে আমি হঠাৎ লক্ষ করলাম, মানিক নেই। আমি চিৎকার করে সাবুকে জিজ্ঞেস করলাম, “মানিক কোথায়?” সাবু শুধু বলল, “পানিতে দেখ।” সাবু আবার ট্রিগার টিপল সামনে শত্রুর গাড়ি লক্ষ্য করে। মানিকের লাশ পানি থেকে তুললাম। তখনো তার শরীর গরম। বিশ্বাস হয়নি মানিক মারা গেছে।’আর ১৪ ডিসেম্বরে মারা গেল ছোট্ট ছেলে টিটো। ও নাসির উদ্দীনদের দলে যোগ দিয়েছিল কুমিল্লার মনিহন্দ থেকে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে সঙ্গে থাকত এই কিশোর। ১৪ ডিসেম্বর নাসির উদ্দীন ইউসুফের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছিল টাঙ্গাইল থেকে মার খেয়ে ঢাকার দিকে আসতে থাকা দুর্ধর্ষ ৩৩ পাঞ্জাব রেজিমেন্টকে। অ্যাম্বুশের একপর্যায়ে নাসির উদ্দীন পার্শ্ববর্তী যোদ্ধাকে নির্দেশ দেন, ‘নুরুকে গিয়ে বলো ওদের এমজি ম্যানকে খতম করতে।’ সেই নির্দেশ নিয়ে অতি উৎসাহে ছুটে যায় কিশোর টিটো। সে যুদ্ধের নিয়ম জানত না। সঙ্গে সঙ্গে মেশিন গানের গুলি এসে ঝাঁঝরা ফেলে টিটোর ছোট্ট শরীরটাকে।৩আমি আর নাসির উদ্দীন ইউসুফ বিমানে পাশাপাশি সিটে বসেছি। আরেক পাশে কবি রফিক আজাদ। তখন কবির শরীরটা ভালো ছিল না, কাজেই একগাদা ওষুধ সঙ্গে নিয়েছেন।আমি নাসির উদ্দীন ইউসুফের সঙ্গে টুকটাক গল্প করে চলি। একটা প্রশ্ন মনে জাগে, তিনি পড়েন কখন? শিল্পী-সাহিত্যিকদের একটু স্বার্থপর হতে হয়, নিজের কাজটা ঠিকঠাকভাবে করার জন্য তারা জগৎসংসার ভুলে যেতে পারেন। নাসির উদ্দীন ইউসুফ পড়েন কখন? যাকে বলে ঠিক শিল্পীর স্বার্থপরতা, চারপাশটাকে ভুলে নিজের শিল্পবিন্দুটাকে সর্বস্ব করে তোলা; নাসির উদ্দীন ইউসুফকে যাঁরা চেনেন, তাঁরা সবাই একবাক্যে বলে উঠবেন, বাচ্চুর মধ্যে মোটেও এই সংকীর্ণতাটা নেই। বরং নাসির উদ্দীন ইউসুফ একেবারেই উল্টোটা। শিল্পীর স্বার্থপরতা নয়, একজন আত্মনিবেদিত সংগঠকের, একজন জনহিতৈষী সমাজসেবকের পরার্থপরতা আর নেতৃত্বের গুণ তাঁর মধ্যে প্রবল। কোন শিল্পীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কোথাও কোন নাট্যকর্মী অকারণ হয়রানির শিকার হচ্ছে, তাকে উদ্ধার করতে হবে কিংবা নাটকের দুটি দলের মধ্যে বচসা হয়েছে, এখন আপস-মীমাংসা করে দিতে হবে—তিনি আছেন। আমার কাছে তাঁকে মনে হয় বড় ভাইয়ের মতো! মানুষকে ভালোবাসার এক বিশাল ক্ষমতা আছে তাঁর। সবাই তাঁর আপন। কাজেই সারাক্ষণই এটা-ওটা সামাজিক কাজ তাঁকে করে যেতেই হচ্ছে। এর বাইরে আছে প্রাতিষ্ঠানিক কাজ। হাজারটা সংগঠনের নেতা তিনি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তিনি ২০০২ সাল থেকে। ১৯৮২-৮৬ সাল পর্যন্ত ছিলেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক। সভাপতি ছিলেন ১৯৯০ থেকে ১৯৯৮। গ্রাম থিয়েটারের সভাপতি। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা পরিচালক।বাচ্চু ভাই, এই নামেই তাঁকে ডাকি আমি, তাঁর এখনকার স্বপ্ন আর কর্মযজ্ঞের কথা বলে চলেন। সেলিম আল দীনের স্বপ্ন ছিল একটা বিশ্ব সাংস্কৃতিক কেন্দ্রের। সেটার কাজ তিনি শুরু করেছেন সাভারে। আশির দশকে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ইত্যাদির মোকাবিলায় শিল্পী-সংস্কৃতিকর্মীদের নেতৃত্ব দিয়েছেন। জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালালদের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে তিনি ছিলেন সক্রিয়। সেই সক্রিয়তা এখনো আছে। টেলিভিশনে পরিবেশন করছেন মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠান।আমার মনে আছে ১৯৯০ সালের ডিসেম্বরের সেই রাতটির কথা। এরশাদ ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন, কিন্তু তখনো করেননি। ওই দিনগুলোয় আমরা তরুণ সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা মোজাম্মেল বাবু, ফজলুল বারী, আমান উদ দৌলা, আমিনুর রশীদ প্রমুখ সবাই মিলে একদিকে কারফিউ ভঙ্গ করে মিছিল করছিলাম আর অন্যদিকে প্রকাশ করছিলাম আন্দোলনের মুখপত্র বুলেটিন। সেদিন রাতে বাচ্চু ভাই পল্টনের মোড়ে এসে একটা মঞ্চ বানিয়ে ফেললেন তত্ক্ষণাত্। শিমূল ইউসুফ আর নানা দলের গায়ক-আবৃত্তিকারেরা এসে সারা রাত মঞ্চ মাতিয়ে রাখলেন বিপ্লবী গানে-কবিতায়। পরে সেটাই হয়ে উঠল ‘জনতার মঞ্চ’।এত কাজ যিনি করেন, তিনি বই পড়েন কখন? একটু পরে, বিমানের ওই উড়ালেই, প্রশ্নের উত্তর খানিকটা মিলে গেল। বিখ্যাত নাট্যপরিচালক পিটার ব্রুকের সাক্ষাৎকারের একটা বই তিনি বের করলেন ব্যাগ থেকে। পড়তে লাগলেন। সেটা পড়া হয়ে গেলে তিনি আমার সঙ্গে বই বদল করে নিলেন। সেই সুযোগে পিটার ব্রুকের নাট্যভাবনার সঙ্গে এই মূর্খের খানিকটা পরিচয় ঘটল। এবং একটু বিস্মিত হয়েই লক্ষ করলাম, নাসির উদ্দীন ইউসুফ আর সেলিম আল দীনের নাট্যভাবনার সঙ্গে পিটার ব্রুকের কোথায় যেন একটা মিল আছে।বাচ্চু ভাই, আপনি এত কাজ করেন, পড়েন কখন?‘আমি অনেক রাতে ঘুমাই। গভীর রাতে বই নিয়ে বসি।’ এই উত্তরটাও এক ফাঁকে জেনে নিয়েছি।৪নাসির উদ্দীন ইউসুফের একটা আশ্চর্য গুণ মানুষকে আপন করে নেওয়ার। নয়তো আমি কে? আমাকে তো পাত্তা দেওয়ার তাঁর কোনোই কারণ নেই। আমার চেয়ে তিনি সব দিক থেকেই বড়, বয়সে ১৫ বছরের বড়; কাজে, গুণে, প্রতিভায়, অর্জনে ১৫ লক্ষ গুণ। (জন্মেছেন ১৯৫০ সালের ১৫ এপ্রিল, গত পরশু তিনি ৬০ হয়েছেন।) কিন্তু আমি যখন তাঁর সঙ্গে কথা বলি, মনে হয়, বয়সে বড় একজন বন্ধুর সঙ্গেই কথা বলছি। তাঁর কাছে আমার একটা ব্যক্তিগত ঋণ আছে। একদিন ডেকে বললেন, ‘একটা টেলিভিশন নাটক লিখে দাও, শহীদ আজাদের মাকে নিয়ে।’ আমি বললাম, ‘উনি কে?’ তিনি বললেন, ‘খুব বড়লোকের ছেলে ছিল আজাদ ভাই। বাবা আরেকটা বিয়ে করেছিল বলে প্রতিবাদে মা ক্লাস সিক্সে পড়া আজাদকে নিয়ে বের হয়ে গিয়েছিলেন বাড়ি থেকে। সেই ছেলেকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছিলেন। ছেলে যুদ্ধে যোগ দিল। ধরা পড়ল। মা দেখা করলেন তার সঙ্গে, থানায়। ছেলে বলল, “মা, ভাত নিয়ে এসো তো।” ভাত নিয়ে মা এলেন। এসে দেখেন ছেলে নেই। এই ছেলে আর কোনো দিনও ফিরে আসেনি। আর আজাদ ভাইয়ের মা-ও কোনো দিন ভাত খাননি, জানো? ভদ্রমহিলা একটা অন্ধকার ঘরে থাকতেন। আমরা গিয়ে তার সঙ্গে দেখা করতাম।’ নাটক নয়, আমি বললাম, ‘আমি উপন্যাস লিখব।’তিনি বললেন, ‘আচ্ছা, চলো, হাবিবুল আলম বীর প্রতীকের সঙ্গে তোমাকে বসিয়ে দিই।’ বাচ্চু ভাইয়ের পল্টনের বাসায় বাচ্চু ভাই, শিমূল ইউসুফ, হাবিবুল আলম—আমরা রাতের পর রাত আড্ডা দিয়েছি শুধু মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো পুনরাবিষ্কার করতে। কোনোই সন্দেহ নেই, মা লেখা হতো না, যদি না বাচ্চু ভাই গল্পটা আমাকে দান করতেন।৫নাসির উদ্দীন ইউসুফের জন্ম ঢাকায়, নবাবগঞ্জে। বাবা মরহুম আবুল ফয়েজ মোহাম্মদ ইউসুফ ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসের কর্মকর্তা। তাঁদের আদিবাড়ি চট্টগ্রামে। তিনি লেখাপড়া করেছেন পুরানা পল্টন বিদ্যামন্দির, নবাবপুর সরকারি বিদ্যালয়, জগন্নাথ কলেজ, তীতুমীর কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সহধর্মিণী মঞ্চশিল্পী শিমূল ইউসুফ ও কন্যা এশা ইউসুফকে নিয়ে থাকেন পুরানা পল্টন লেনে।৬যুদ্ধ শেষে ফিরে এলেন নাসির উদ্দীন ইউসুফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। সেখানেই তিনি যোগ দিলেন সেলিম আল দীন, নির্মলেন্দু গুণ, আবুল হাসান প্রমুখের সঙ্গে নিয়মিত আড্ডায়। বহুবচন, আরণ্যক, ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত থেকেছেন, প্রধানত মঞ্চের পেছনের কারিগরি কাজের মাধ্যমে। ১৯৭২ সালে প্রথম পরিচালনা করলেন জন্ডিস ও বিবিধ বেলুন। নাট্যকার সেলিম আল দীন। ওই নাটকটি ডাকসুর প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেল। ওই নাটকে এবং ওই সময়কার আরও নাটকের মাধ্যমে বাংলাদেশের মঞ্চনাটক পাশের বাড়ি বা বাবার বিয়ে ধরনের নাটক থেকে আধুনিকতার দিকে মোড় নিতে লাগল। নেওয়ারই কথা। কারণ, নতুন দেশ, নতুন তার চাহিদা।কিন্তু আধুনিকতা নয়, সেলিম আল দীন আর নাসির উদ্দীন ইউসুফ মিলে এগিয়ে গেলেন আরেক ধাপ, নাট্যপরিবেশনায় তাঁরা মঞ্চে আনতে চাইলেন এই অঞ্চলের মানুষের হাজার বছরের নিজস্ব নাট্য-ঐতিহ্য ও প্রয়োগরীতি।সেলিম আল দীনের সঙ্গে আমার মাঝেমধ্যে দেখা হতো হয়তো অভিনেতা আফজাল হোসেনের অফিসে, নয়তো অন্য কোথাও। তিনি পড়ে শোনাতেন তাঁর সদ্য রচিত নাটক থেকে। বিস্মিত ও মুগ্ধ হয়ে সেই পাঠ শুনতাম। পরে যখন নাটকটি পড়ার জন্য হাতে নিতাম, তখন আমার মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি দেখা দিত, এটা লেখা তো সহজ, কিন্তু একে মঞ্চে আনবে কে? এ তো অসম্ভব। বনপাংশুল নাটকের পাণ্ডুলিপি আমি সেলিম আল দীনের মুখে শুনেছিলাম। সেই অসম্ভব কাণ্ডটা মঞ্চে দেখতে গেলাম। নাসির উদ্দীন ইউসুফ কি জাদু জানেন? বর্ষাবস্ফািরিত বাঁধভাঙা নদীর মতো সেলিম আল দীনের রচনা, তাতে ঘরবাড়ি মানুষ পশু বনবনানী সব ভেসে যাচ্ছে, সেটাকে এমন বাঁধ দিয়ে ফলিত রূপ দিতে পারল যে লোকটা, তাকে বারবার সালাম করতে ইচ্ছা করে। নাসির উদ্দীন ইউসুফ আর সেলিম আল দীন হলেন রাজযোটক, সোনায় সোহাগা।‘আপনার নিজের পরিচালিত নাটকগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় কোনটা?’‘এটা কি বলা যায়? তুমি বলতে পারবে কোনটা তোমার নিজের লেখার মধ্যে প্রিয়? ধরো, কীত্তনখোলা, লোকে বলে এটা বাংলা নাটককে বদলে দিল, কেরামতমঙ্গল-এ একটা মহাকাব্যিক বিশালতা, হাতহদাই-এ একটা জনপদের মানুষের সুখ-দুঃখ আশা-আকাঙ্ক্ষা, বনপাংশুল-এ একটা আদিবাসী গোষ্ঠীর মানুষের জীবনচর্যা...।’তাঁর নাট্যভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে তাঁর নিজের লেখা থেকে, ‘আমার সব নাটকে সংগীত একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। আমার জীবন ও শিল্পযাত্রায় হয়তো শিমূলের উপস্থিতি আমার এ রকম একটা সূচনাসূত্র পেতে সাহায্য করেছে।’ ‘বর্ণনা, সংলাপ, নৃত্য, সংগীত ও শরীরের ভাষা দিয়ে আমি নাট্যছন্দ তৈরি করি।’ ‘নাটকের নির্দেশনায় আমি ঢাকা থিয়েটার উদ্ভাবিত ঐতিহ্যবাহী বাঙলা নাট্যরীতির সমকালীন ও সম্ভাব্য রূপটিকে মূর্ত করার চেষ্টা করেছি। নাট্যের প্রাচ্যরীতির আদর্শটা আমার নাট্যভাবনার প্রধান অবলম্বন।’৭নাসির উদ্দীন ইউসুফের কাজের পেছনে মানুষ— শ্রমজীবী সর্বহারা মানুষ, প্রান্তিক মানুষ, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা—সব সময়ই একটা নিয়ামক ভূমিকা পালন করে। ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়ন করতেন, সেই সূত্রেই ’৭১-এর মার্চে অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়েছিলেন ২৫ মার্চ রাতেও, সেখান থেকে মুক্তিযুদ্ধে যাত্রা। এখন রোজ পরিবেশন করে চলেছেন টিভি অনুষ্ঠান মুক্তিযুদ্ধ প্রতিদিন। তুলে আনছেন খ্যাত-অখ্যাত মুক্তিযোদ্ধাদের, ধারণ করে রাখছেন তাঁদের অভিজ্ঞতা। সেসব আমাদের জন্য অমূল্য সম্পদ হয়ে থাকছে।এত বিচিত্রগামী, সদাব্যস্ত মানুষটি কিন্তু সদাহাস্যময়। তাঁকে নিয়ে লিখব শুনেই হাসতে লাগলেন, ‘তুমি তো নিশ্চয়ই আমাকে নিয়ে কৌতুক করবে। আমাকে একটা “ক্যারেক্টার” বানিয়ে ছাড়বে।’ বাচ্চু ভাই কথাটা খুব খারাপ বলেননি। অন্তত একটা কৌতুক তো তাঁকে নিয়ে আমার করতেই হবে। আমেরিকার বিপণিবিতানে তিনি একটা জিনসের প্যান্ট কেনার জন্য মোট ৩২টি প্যান্ট ট্রায়াল দিয়েছিলেন। অবশেষে তিনি সেটা কিনতে সক্ষম হয়েছিলেন। বানিয়ে বলছি না, আমার সাক্ষী হিউস্টন প্রবাসী শাহানশাহ ভাই। আর তাঁর মতো স্ত্রী-কন্যাপ্রিয় মানুষও আমি খুব কম দেখেছি।তিনি আমার দুটি বইয়ের চরিত্র, মা আর স্বপ্ন। না, কৌতুকাবহ চরিত্র তিনি নন, তিনি বীর, তিনি কর্মবীর। তিনি শিল্পী ও শিল্পস্রষ্টা। মঞ্চের শূন্য পরিসরটাকে তিনি ভরে তোলেন কল্পনায়, কৌশলে, বাস্তবতায়, মানবসত্যে—কাগজের নিষ্প্রাণ অক্ষরগুলোতে তিনি প্রাণসঞ্চার করেন, সেলিম আল দীনের অসম্ভবকে তিনি সম্ভবপর করে তোলেন। এবং তিনি একজন কর্মী, একজন সংগঠক, একজন সমাজনেতা। সর্বোপরি তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তির যোদ্ধা। তাঁর বয়স ষাট পূর্ণ হলো, তিনি ১৬০ বছর অন্তত বাঁচুন।