নির্বাচনী যুদ্ধের দামামা বাজছে পশ্চিমবঙ্গজুড়ে। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সুন্দরবন পর্যন্ত পশ্চিমবঙ্গের ২০টি জেলায় শুরু হচ্ছে ভোটযুদ্ধ। একপক্ষে দাদা বুদ্ধদেব ভট্টাচার্য আর অন্যপক্ষে দিদি মমতা বন্দোপাধ্যায়। দাদা ক্ষমতাসীন বামফ্রন্ট আর দিদি কংগ্রেস-তৃণমূল জোটের সেনাধ্যক্ষ। কয়েক পর্বের ভোটযুদ্ধ শুরু হবে ১৮ এপ্রিল থেকে। এরপর পর্যায়ক্রমে ২৩ ও ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মে হবে ভোট। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে সাজসাজ রব। পোস্টার, ব্যানার, দেয়াল লিখনে ছেয়ে গেছে রাজ্য। সবার মুখে এক কথা, কে এবারের যুদ্ধে জিতে দখল নেবেন কলকাতার লালবাড়িটার? এ প্রশ্নের উত্তর মিলবে ১৩ মে। হাওয়ার তোড় দিদির পক্ষেনির্বাচনী যুদ্ধ শুরু হতে আর মাত্র ১০ দিন। দ্বৈরথে কে জিতবেন তাই নিয়ে হিসাব-নিকাশ আর বিতর্কের শেষ নেই পর্যবেক্ষকদের। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে সবারই ধারণা, হাওয়া বেশি মমতার পালে। এবার হয়তো তিনি দীর্ঘদিনের আন্দোলনের ফসল তুলবেন। এ পর্যন্ত আয়োজিত জনমত জরিপের ফলেও সে ইঙ্গিতই মিলেছে। ইন্ডিয়া টুডে, মহুয়া টিভি চ্যানেল, চ্যানেল টেনের জরিপ ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে একই কথা।মুখ্যমন্ত্রী হতে চলেছেন ধরে নিয়ে সরকার গঠন সম্পর্কেও কথাবার্তা বলতে শুরু করেছেন মমতা। এরই মধ্যে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হলে বুদ্ধবাবুর মতো অত বড় মন্ত্রিসভা গড়বেন না। গুরুত্বপূর্ণ দপ্তর নিজের হাতেই রাখতে চান মমতা। তৃণমূল প্রধান এখন আচার-আচরণে নিজেকে দক্ষ প্রশাসক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বিভিন্ন সভা-সমিতিতে। হার মানছে না বুদ্ধশিবিরমমতা যতই গলা ফাটিয়ে বামফ্রন্টের কবর রচনার ঘোষণা দিন বা জনমত সমীক্ষায় যে চিত্রই ফুটে উঠুক, বুদ্ধের অনুসারীদের কথা, আগামী সরকার গড়ছে বামরাই। বামফ্রন্ট কর্মীদের কথা হচ্ছে, ২০০৬ সালের নির্বাচনের আগেও এই রাজ্যে এমন পরিস্থিতিই ছিল। কিন্তু বাস্তবে ফল হয়েছিল উল্টোটা। বামফ্রন্ট জিতেছিল বিপুল ভোটে। ২৯৪ আসনের বিধানসভায় বামফ্রন্টের ২৩৫-এর বিপরীতে তৃণমূল পেয়েছিল মাত্র ৩০টি আসন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশও মনে করেন, জোর হাওয়ায় দিদির নাও তরতরিয়ে চললেও শেষ পর্যন্ত যত গর্জাচ্ছে অন্তত ততটা বর্ষাতে না-ও পারে। বুদ্ধদেবের সমর্থকদের কথা, সাধারণ মানুষ ফিরে আসতে শুরু করেছে বামফ্রন্টের দিকে। তারা বুঝেছে বামফ্রন্টই গরিবের বন্ধু। তাই বামফ্রন্টই ফের সরকার গড়বে।বামদুর্গে ফাটলে পোয়াবারো মমতার১৯৭৭ সালে জাতীয় কংগ্রেসকে বিপুলভাবে পরাজিত করে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল বিরোধী বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী হয়েছিলেন জ্যোতিবসু। তার পরের টানা দুই যুগ মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবসু। এ সময়কালে পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই যেন ছিল বামফ্রন্ট আর জ্যোতি বসু। শেষ পর্যন্ত বয়সের কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর নেন জ্যোতিবসু। নতুন মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভালোই রাজ্য চালাচ্ছিলেন। কিন্তু ২০০৬ সালের সর্বশেষ বিধানসভার নির্বাচনে ব্যাপক জয়ে বামফ্রন্টের মধ্যে আত্মম্ভরিতা এসে যায়। সিপিএমের অনেক নেতা বিরোধীদের আর পাত্তাই দিতে চাইছিলেন না। অন্যদিকে বাজেভাবে হারলেও মমতা এতটুকু ভেঙে পড়েননি। বরং দলকে চাঙা করার জন্য আন্দোলন-কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েন নতুন উদ্যমে। এভাবেই এসে যায় ২০০৭ সালের সিঙ্গুর ইস্যু। টাটার একলাখি ন্যানো গাড়ির কারখানা গড়ার জন্য রাজ্য সরকার হুগলির সিঙ্গুরে ৯৯৭ একর কৃষিজমি লিজ দেন। বেশ কিছু কৃষক ওই জমিতে গাড়ির কারখানা করার ব্যাপারে আপত্তি তুললে মমতা সুযোগটি লুফে নেন। দাঁড়িয়ে যান অনিচ্ছুক কৃষকদের পাশে। মমতা গ্রামবাসীকে বোঝাতে সক্ষম হন সিপিএম নিজেদের গরিবের বন্ধু বলে প্রচার করলেও ধনীদের জন্য গাড়ি তৈরি করতে উর্বর কৃষিজমিতে কারখানা গড়ছে। সুতরাং সিপিএম এখন আর গরিবের বন্ধু নয়, টাটাসহ ধনীদের বন্ধু। সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে শুরু হয় মমতার নতুন উত্থানপর্ব। এ এলাকায় একটানা ২৬ দিন অনশন চালিয়ে দলীয় ভিত মজবুত করেন তৃণমূল নেত্রী। পরের বছর সরকারি রসায়ন শিল্পাঞ্চলের জন্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি অধিগ্রহণ নিয়ে ঘটে প্রায় একই ধরনের ঘটনা।আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয় ১৪ জন গ্রামবাসী। মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে শাসক দলের বিরুদ্ধে। নন্দীগ্রামকেও সাফল্যের সঙ্গে ইস্যু করতে সক্ষম হন মমতা। এসব ঘটনার পর মমতা সমর্থন পেয়ে যান সাধারণ মানুষের। ওই বছরই কলকাতার তরুণ গ্রাফিক্স ডিজাইনার রেজওয়ানুর রহমানের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে আন্দোলনে নেমে সংখ্যালঘুদের সমর্থন কুড়ান। এরপর মুসলিম মৌলবাদীরা বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতা থেকে বিতাড়নের জন্য আন্দোলনে নামলে তৃণমূল কর্মীরা তসলিমার বিরুদ্ধে অবস্থান নেয়। এতে রক্ষণশীল মুসলিমদের একটা বিরাট অংশের সমর্থন পান মমতা। এভাবেই ঘটতে থাকে তাঁর উত্থান। এসব আন্দোলনের ফলে জনপ্রিয়তা যে ভালোই বাড়ছে তার প্রমাণ মমতা প্রথম পান ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে। ওই নির্বাচনে ব্যাপক জয় পায় তৃণমূল কংগ্রেস। এই জয়যাত্রা চলতেই থাকে। ২০০৯ সালের লোকসভা নির্বাচনেও আসে ব্যাপক সাফল্য। এর আগে রাজ্যের ৪২টি আসনের মধ্যে মাত্র একটি আসন ছিল তৃণমূলের। তাও তাঁর নিজের। ২০০৯ সালের নির্বাচনে তৃণমূল জয় করে ১৯টি আসন। এরপর ২০১০ সালের কলকাতা পৌর করপোরেশনসহ রাজ্যের বিভিন্ন পৌরসভার নির্বাচনেও ব্যাপক সাফল্য পায় মমতার দল। বিপরীতে ধস নামতে থাকে সিপিএমের।কার ইশতেহারে কীবামফ্রন্ট সব শরিক দলকে নিয়ে ফ্রন্টের তরফ থেকে একটি ইশতেহার প্রকাশ করেছে। কিন্তু কংগ্রেস-তৃণমূল জোট ইশতেহার দিয়েছে পৃথকভাবে। ব্যাখ্যা দিয়ে কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় বলেছেন, তৃণমূলের সঙ্গে কেবল আসন রফা হয়েছে। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নীতি আলাদা। সে কারণেই পৃথক ইশতেহার। বামফ্রন্ট তাদের ইশতেহারে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাদের কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে। শিল্প ও কৃষি উন্নয়নের মাধ্যমে রাজ্যকে আরও সমৃদ্ধশালী করার প্রত্যয় ঘোষণা করেছে তারা। ইশতেহারে বলা হয়েছে বামফ্রন্ট গরিবের বন্ধু এবং গরিবের দিকে লক্ষ্য রেখে তারা নানা ধরনের উদ্যোগ নেবে। বামফ্রন্ট শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, ৪০ লাখ গরিব পরিবারের জীবনযাত্রার মানোন্নয়ন, সবার জন্য বিদ্যুৎ, সুপেয় পানি সরবরাহ, শহরের সঙ্গে গ্রামের সড়ক যোগাযোগ উন্নত করা ও কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দিয়েছে ইশতেহারে। গরিবের জন্য সুযোগ-সুবিধার খুটিনাটিতে বলা হয়েছে, ১০ হাজার রুপির নিচের আয়ের সব পরিবারকে দুই রুপি কিলো দরে চাল সরবরাহ, গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ, তাদের জন্য বিমা, তফসিলি জাতি, উপজাতি, আদিবাসী, সংখ্যালঘু মুসলিম ছাত্রীদের জন্য বিনা মূল্যে স্কুল ড্রেস ও বাইসাইকেল সরবরাহ করা হবে।অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও সংখ্যালঘু উন্নয়নে বিশেষ জোর দিয়েছে। ‘গণতান্ত্রিক ও নিরপেক্ষ’ এক বাংলা গড়ার প্রত্যয় ঘোষণা করেছে তারা। সিঙ্গুরের কারণে দলনেত্রী মমতার গায়ে ‘শিল্প বিরোধী’ বলে যে তকমা লেগেছিল, তা থেকে বেরিয়ে আসতে চায় তৃণমূল। এ জন্য মমতা নিজেকে একজন শিল্পবন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ইশতেহারে কৃষির পাশাপাশি শিল্প উন্নয়নের কথা বলেছেন। তৃণমূলের ইশতেহারে বলা হয়েছে, শিল্প গড়ার জন্য তৈরি করা হবে জমি ব্যাংক। পরিবেশবান্ধব শিল্প গড়ার ব্যাপারে বেশি জোর দেওয়া হবে। গড়া হবে জেলাভিত্তিক শিল্প কারখানা। তবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে না। জোর দেওয়া হবে স্নাতকোত্তরদের কর্মসংস্থানের ওপর। তৃণমূল ইশতেহারে রাজ্যে ১০টি মেডিকেল কলেজ ও সব শহরে হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। এ ছাড়া মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ানোসহ সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নের জন্য নেওয়া হবে সার্বিক কর্ম-পরিকল্পনা।