যুদ্ধংদেহী দুই সুদান
তা হলে কি আবার সংঘাতের পথে যাচ্ছে দুই সুদান? সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠকের পর এ রকম সতর্কতাই উচ্চারণ করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস। তিনি বলেছেন, আফ্রিকান ইউনিয়নের প্রস্তাবিত সীমান্তরেখা মেনে নিতে সুদানের অস্বীকৃতি সরাসরি সংঘাত বাধিয়ে দিতে পারে। দক্ষিণ সুদান ইতিমধ্যে প্রস্তাবটি মেনে নিয়েছে।এ বছরই কিছুদিন আগে বিরোধপূর্ণ সীমান্ত ও তেলের আয় ভাগাভাগি নিয়ে সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি পৌঁছে গিয়েছিল দুই সুদান।আফ্রিকার বিশাল দেশ সুদানের কাছ থেকে দক্ষিণ সুদান গত বছর স্বাধীনতা পায়। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে কয়েক দশক ধরে চলা লড়াইয়ের অবসান ঘটে। সুদানের উত্তরাঞ্চল প্রধানত মুসলমান-অধ্যুষিত। দক্ষিণে সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান আর সর্বপ্রাণবাদীরা।সুসান রাইস বলেছেন, সুদান আফ্রিকান ইউনিয়ন-সমর্থিত রোডম্যাপ স্বাক্ষর না করলে আবার সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তা সমস্যা সমাধানে খার্তুমের আন্তরিকতাকেও প্রশ্নবিদ্ধ করবে। দক্ষিণ সুদান প্রস্তাবটি মেনে নিলেও যুক্তরাষ্ট্র মনে করছে কোনো পক্ষের মধ্যেই আশু সমাধানের ব্যাপারে কোনো তাগিদ নেই। সুসান রাইস বলেন, তাঁর দেশ এ কারণে ‘গভীরভাবে উদ্বিগ্ন।’সীমান্ত নিয়ে চুক্তি স্বাক্ষরের জন্য জাতিসংঘ গত ২ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তা ব্যর্থ হওয়ায় নতুন করে ২২ সেপ্টেম্বর পর্যন্ত নতুন সময়সীমা ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে যেন চুক্তি হয়, সে জন্য দুই পক্ষকেই চাপের মধ্যে রাখা হয়েছে।উত্তর ও দক্ষিণ সুদান গত মাসে তিন সপ্তাহ ধরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আলোচনা করে। ওই আলোচনায় তেলের আয় নিয়ে একটি সাময়িক চুক্তি হয়। নিরাপত্তা বিষয়ে আরও আলোচনার পর এটি কার্যকর হবে। গত সপ্তাহে আলোচনা আবার শুরু হয়। ওই চুক্তিটি দুই প্রেসিডেন্টের শীর্ষ বৈঠকে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।সুদান এবং দক্ষিণ সুদান উভয় দেশই তেলের আয়ের ওপর নির্ভরশীল। নতুন দেশ দক্ষিণ সুদানের বাজেটের ৯৮ শতাংশই আসে তেল থেকে। কিন্তু এত দিন একত্রে থাকা দেশটির মাটির নিচে থাকা তেল সম্পদ কীভাবে ভাগ করা যায়, তা নিয়ে তারা একমত হতে পারছে না। তেল মজুদের মোটামুটি ৭৫ শতাংশই রয়েছে দক্ষিণে। তবে সব পাইপলাইন উত্তরে।দুই সুদান বহু দিন এক দেশের অংশ থাকলেও তাদের মধ্যে বরাবরই বড় ধরনের পার্থক্য ছিল। এ পার্থক্য দেখা যায় মহাকাশ থেকে তোলা নাসার ছবিতেও! উত্তর সুদানের প্রদেশগুলো মরুময়। শুধু নীলনদ তীরবর্তী এলাকাগুলো সবুজ। অন্যদিকে দক্ষিণ সুদান তৃণভূমি, জলা আর ক্রান্তীয় বনে ছাওয়া। উত্তরের মানুষ মূলত আরবিভাষী মুসলমান। দক্ষিণে সে রকম একক সংস্কৃতি নেই। সেখানে আছে ২০০-এর বেশি জাতি-গোষ্ঠী। এদের মধ্যে প্রধান হচ্ছে দিংকা ও নুয়ের।দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার পর এক বছর হয়ে গেছে। এর ফলে সর্বাত্মক যুদ্ধ এড়ানো গেলেও যুদ্ধ যুদ্ধ ভাবটা রয়েই যায়। কেউ কেউ বলে থাকে, সুদান এক অঘোষিত যুদ্ধেই লিপ্ত রয়েছে আসলে।গত এপ্রিলে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির ঘোষণা করেন, ‘পোকামাকড়দের’ হাত থেকে দক্ষিণ সুদানকে মুক্ত করা হবে। সে মাসেই হেগলিগ তেল ক্ষেত্রে অভিযান চালায় দক্ষিণ সুদান। প্রেসিডেন্ট বশিরের এ কথা থেকেই অবশ্য বোঝা যাবে না দুই সুদানের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা কতটা জোরালো। কারণ, তিনি দুই ধরনের ভাষণ দিয়ে থাকেন। প্রথমে পড়েন লিখিত মাপা মাপা কথার ভাষণ। তারপর তিনি মুখের লাগাম দেন খুলে। অনেক সময় রঙ্গ-তামাশা করেন। দ্বিতীয় দফার বক্তব্যে নাটকীয় কথাবার্তা বলে মাতিয়ে তোলেন সমর্থকদের। অতীতে তিনি একক ইসলামি রাষ্ট্রের কথা বলতেন যেখানে ‘জাতিগত বা সাংস্কৃতিক বৈচিত্র্যের কোনো স্থান নেই।’ গত বছরের মে মাসে (দক্ষিণ সুদানের স্বাধীনতার আগে) সুদানি ট্যাংক বিরোধপূর্ণ আবেয়ি এলাকায় হানা দেয়। খার্তুমের এই তৎপরতার প্রথমে নিন্দা হলেও পরে বাস্তবতা বলে মেনে নেওয়া হয়। আবেয়ির ঘটনা মাথায় রেখেই হয়তো সম্প্রতি পাশের হেগলিগে অভিযান চালানোর প্রণোদনা পেয়েছিল জুবা। জুবা হচ্ছে দক্ষিণ সুদানের রাজধানীর নাম। সমঝোতা হিসেবে ইতিমধ্যেই আবেয়ি ও হেগলিগ এই দুটি স্থান বদলাবদলি করার কথা আলোচনা হচ্ছে। দুই সুদানের সেনাবাহিনীকেই বিদ্রোহ মোকাবিলা করতে হচ্ছে। সুদানকে লড়তে হচ্ছে দুই ফ্রন্টে। একটা হচ্ছে পশ্চিম দারফুর অঞ্চল। অন্যটি দক্ষিণ সুদান সীমান্তের কাছে দক্ষিণ কোরদোফানে। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট দাবি করেছে দক্ষিণ কোরদোফানের একটি গ্রাম মুক্ত করেছে তারা। গত বছর এই দুই রাজ্য ও নীল নদ রাজ্যের বিদ্রোহীরা একজোট হয়ে প্রেসিডেন্ট বশিরের সরকার উৎখাতে লড়াইয়ের সিদ্ধান্ত নেয়। সুদানের অভিযোগ দক্ষিণ সুদান বিদ্রোহীদের উসকানি দিচ্ছে। কিন্তু দক্ষিণ সুদান পাল্টা অভিযোগ করেছে সুদানই দক্ষিণের বিদ্রোহীদের সাহায্য করছে।বিরোধের মূল ক্ষেত্রগুলো সুদানের তেল পাইপলাইন ব্যবহারের জন্য দক্ষিণ সুদান কত টাকা দেবে সীমান্ত চিহ্নিত করা আবেয়ির মালিকানা দাবি করে উভয় দেশই দুই দেশে বসবাসকারী পরস্পরের নাগরিকদের অধিকার। সুদানে পাঁচ লাখ দক্ষিণ সুদানির বাস। আর দক্ষিণ সুদানে বাস করে ৮০ হাজার সুদানি। উভয় দেশের পরস্পরের বিদ্রোহীদের সহায়তা করার অভিযোগ করেছে ইসরাত জাহান