যুদ্ধটা পানির জন্য
খাগড়াছড়ি সদর থেকে আট কিলোমিটার দূরে চেঙ্গি নদীর অপর পাড়ে বিরাশিমুড়া গ্রাম। নদী পার হয়ে পাহাড়ি রাস্তা ধরে চার কিলোমিটার হাঁটাপথ পেরিয়ে পৌঁছাতে হয় এই গ্রামে। গ্রামে ৩৫ পরিবারের বসবাস। ভোরে পরিবারের নারীরা কলস নিয়ে পাহাড়ের নিচের ঝিরি থেকে পানি সংগ্রহ করতে চলে যান। লম্বা লাইনে দাঁড়িয়ে ক্ষীণধারার ঝিরি থেকে পানি সংগ্রহ করতে প্রত্যেকের তিন থেকে চার ঘণ্টা সময় লেগে যায়।পাহাড় ঘেরা অনিন্দ্যসুন্দর বিরাশিমুড়া গ্রামের অন্যতম প্রধান সমস্যা পানি। স্থায়ী জলাধার না থাকায় ছোট ঝিরি-ঝারনাই গ্রামবাসীর ভরসা। গ্রামের নারীদের দিনের একটা বড় সময় ব্যয় হয় পানি সংগ্রহের পেছনে। বিরাশিমুড়া গ্রামের কার্বারি (গ্রাম প্রধান) বাগিজা কুমারের পঞ্চাশোর্ধ্ব স্ত্রী বাগতি ত্রিপুরা জানান, পাহাড়ের অপেক্ষাকৃত নিচু এলাকার ঝিরি-ঝরনা গ্রামের একমাত্র পানির উৎস। আগে পানি পরিমাণমতো পাওয়া গেলেও এখন জনসংখ্যা বাড়ায় ও পানির ধারা কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। পানি সংগ্রহের পেছনে নারীদের দিনের বেশির ভাগ সময় ব্যয় হয়।সম্প্রতি অসংখ্য ছোট-বড় পাহাড়বেষ্টিত বিরাশিমুড়া গ্রামে গেলে গ্রামের বাসিন্দারা তাঁদের পানির সমস্যার কথা তুলে ধরেন। প্রতি শুষ্ক মৌসুমে পানির সংকট তীব্রতর হয়। সংকট সমাধানে গ্রামবাসীরা বহুবার জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কোনো কাজ হয়নি।উন্নয়নকর্মী বিনোদন ত্রিপুরা জানান, বর্তমানে যে ঝিরি থেকে গ্রামবাসীরা পানি সংগ্রহ করছেন সেটি শুকিয়ে গেলে গ্রামে আর কোনো পানির উৎস থাকবে না। এই ঝিরিটি দ্রুত সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। ঝিরির চুইয়ে পড়া পানি সংগ্রহের জন্য একটি জলাধারও নির্মাণ করা যেতে পারে।ভাইবোনছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পরিমল ত্রিপুরা জানান, বিরাশিমুড়া গ্রামে বিশুদ্ধ পানির সমস্যা রয়েছে। কিন্তু এই সমস্যা সমাধানে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা ইউনিয়ন পরিষদের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান কান্তি লাল দেওয়ান জানান, বিরাশিমুড়াপাড়া পাথুরে এলাকা হওয়ায় নলকূপ বসানো খুবই ব্যয়বহুল। তবে গ্রামবাসীর বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে প্রাকৃতিক পানির উৎসগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। কিন্তু এই কাজ করার মতো আর্থিক সঙ্গতি ইউনিয়ন পরিষদের নেই। তিনি এ ব্যাপারে পার্বত্য জেলা পরিষদের সহযোগিতা কামনা করেন।