খেমাররুজ ট্রাইব্যুনালের জন্য এটা বেশ আত্মতৃপ্তিরই বিষয় হওয়ার কথা ছিল। পলপটের ধিকৃত সরকারের এখনো জীবিত শীর্ষ চার নেতাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। এ সপ্তাহে প্রাথমিকভাবে পদ্ধতিগত খুটিনাটি ও আইনি যুক্তিতর্কের শুনানি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে শুরু হবে আসল বিচার। কম্বোডিয়ার এ বিচার-প্রক্রিয়ার সমালোচকেরাও বলছেন এর মাধ্যমে হয়তো দেশটির মানুষ অবশেষে অনেক প্রশ্নের জবাব পেতে যাচ্ছে। জানা যাবে খেমাররুজদের নির্মম আদর্শের পেছনের কারণ। মিলবে অনেক নৃশংসতার ন্যায়বিচার। এর আগে প্রথম মামলায় মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে এক বন্দীশিবিরের তত্ত্বাবধায়কের ‘ডাচ’ ৩৫ বছর জেল হয়েছে।১৯৭০-এর দশকের শেষ দিকে পলপট ও তাঁর সহযোগীরা দেশের নিয়ন্ত্রণ গ্রহণের পর প্রায় ২০ লাখ লোক প্রাণ হারায়। বহু লোককে জোর করে শহর ছাড়া করে গ্রামে গিয়ে কৃষি খামারে কাজ করানো হয়। এ সময় অপুষ্টি ও পরিশ্রমে অনেক লোক মৃত্যুবরণ করে। অনেককে বিপ্লবের শত্রু আখ্যা দিয়ে সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়।সম্প্রতি এই গণহত্যার বিচারকে নুতন বহুল আলোচিত ‘হাইব্রিড’ প্রক্রিয়ার নজির হিসেবে দেখেছেন অনেকে। হাইব্রিড এ জন্য যে, জাতিসংঘ নিযুক্ত আইন কর্মকর্তা ও বিশেষজ্ঞের পাশাপাশি এতে কাজ করছেন স্থানীয় কর্মকর্তারাও। ধারণা করা হয়েছিল, এটি ভবিষ্যতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মডেল হিসেবে কাজ করবে। এতে বিচার-প্রক্রিয়ার ব্যয় সীমিত থাকবে। তা ছাড়া আন্তর্জাতিক মানের আইনি কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে স্থানীয় অতি দুর্বল বিচারব্যবস্থা উপকৃত হবে।কিন্তু এই প্রেক্ষাপটের পরও নমপেনের প্রান্তে অবস্থিত আদালত ভবনে উচ্ছ্বাসের আভাস নেই। বরং প্রতিষ্ঠানটি যেন সংকটের প্রতিমূর্তি। বিচার বিভাগীয় এক নজরদারি কর্তৃপক্ষ অবহেলা ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখার দাবি করেছে। ক্ষতিগ্রস্তদের একটি সংগঠন দাবি তুলেছে জাতিসংঘ-নিযুক্ত জ্যেষ্ঠ বিচারিক কর্মকর্তাদের পদত্যাগ আর তদন্তের ধরন দেখে আন্তর্জাতিক কর্মকর্তাদের কেউ কেউ এতটাই বিরক্ত যে প্রতিবাদে পদত্যাগও করেছেন।সমস্যা আসন্ন দ্বিতীয় বিচার নিয়ে নয়, সমস্যা তার পরের এক প্রস্তাবিত মামলা নিয়ে। আন্তর্জাতিকসহ কৌঁসুলিরা হাজার হাজার লোকের মৃত্যুর জন্য দুজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। কিন্তু সহযোগী তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তেমন একটা জিজ্ঞাসাবাদও না করে ওই তদন্ত চুকিয়ে দিয়েছেন। এ মতপার্থক্যের বিষয়টি চারদিকে জানাজানি হয়ে গেছে। ব্রিটিশ যুগ্ম কৌঁসুলি অ্যান্ড্রু কেইলি বিচারকদের প্রতি বাড়তি তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি কয়েকটি ঘটনাস্থলের নামও প্রকাশ করেছেন। কেইলি বলেছেন, তৃতীয় মামলাটি গুরুত্বের সঙ্গে নেওয়া খুব জরুরি। এটা দরকার এ জন্য যে, তা এ আদালতের কার্যকারিতা ও ভাবমূর্তিকে প্রভাবিত করবে। কেইলির মতে, শুধু ন্যায়বিচার হলেই হবে না, ন্যায়বিচার যে হয়েছে, তা সংশ্লিষ্ট সবার কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হতে হবে।তা না হলে সার্বিকভাবে এ আদালতের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে। জবাবে বিচারকেরা কয়েকটি বিবৃতি দিয়েছেন। এতে তাঁরা ‘গোপনীয় তথ্য’ প্রকাশ না করার জন্য কেইলিকে নির্দেশ দিয়েছেন। বিচারকেরা আরও বলেছেন, তাঁরা অনুগত নয় এমন একজন আদালত কর্মীকে তথ্য ফাঁসের দায়ে শাস্তি দেবেন। বিচার-পদ্ধতির সঙ্গে ভিন্নমত পোষণ করে আন্তর্জাতিক কর্মীদের পদত্যাগকে ‘স্বাগত’ও জানিয়েছেন তাঁরা। ওই পদত্যাগী কর্মীদের একজন এ আদালত সম্পর্কে বলেছেন এটি ‘পেশাদারিত্বের দিক থেকে নিষ্ক্রিয়’ ও ‘পারস্পরিক অবিশ্বাসের বিষবাষ্পে ভরা’। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে একজন সাংবাদিক প্রশ্ন করে বসেন বিচারক কি তবে তৃতীয় কেসটি ধামাচাপা দিতে চাইছেন?ট্রাইব্যুনালের কার্যক্রম দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন এমন পর্যবেক্ষকেরা এসব ঘটনা দেখছেন বেশ সংশয়ের সঙ্গে। কম্বোডীয় মানবাধিকার কেন্দ্রের পরিচালক ওউ ভিরাক বলেন, ‘এসব গোলমালের শুধু দুটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। একটি হচ্ছে এই বিচারকেরা যোগ্য নন অথবা তাঁরা রাজনৈতিক চাপে রয়েছেন। ঘটনা যেটাই হোক সঠিক তদন্ত প্রয়োজন।’ঘটনার শিকারদের একটি সংগঠনের প্রধান থিয়ারি সেং ট্রাইব্যুনালের জাতিসংঘ নিযুক্ত প্রশাসক ও অন্যতম বিচারক সিগফ্রায়েড ব্লাংকের পদত্যাগ দাবি করেন। থিয়ারি সেং বলেন, ‘আমরা আশা ও বিশ্বাস করেছিলাম জাতিসংঘের অধীন হওয়ায় বিচারটি আন্তর্জাতিক মানে উন্নীত হবে। কিন্তু যা চলছে তা হচ্ছে প্রবঞ্চনা। আর তা হচ্ছে জাতিসংঘের নাম ব্যবহার করে।’যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ‘ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভ’ নমপেনে অফিস খুলে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করছে। তারাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। সম্প্রতি প্রতিবেদনে তারা বলেছে, আদালতের কাজকর্মে আভাস মেলে যে একটি মামলার ফল আগে থেকেই নির্ধারিত ছিল। আর বিচারকেরা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ বা অভিযোগ তদন্তে অনীহা দেখিয়েছেন বলেও মনে হয়েছে।জাতিসংঘের প্রতিক্রিয়া, উদ্বেগ আর প্রশ্ন বাড়িয়েই দিয়েছে। এক বিবৃতিতে বিশ্ব সংস্থা বলেছে, জাতিসংঘ তৃতীয় মামলাটি বন্ধ করে দিতে ‘তদন্তকারী বিচারকদের’ নির্দেশ দিয়েছে বলে প্রচার মাধ্যমে যে গুঞ্জন চলছে, তা সত্যি নয়। কিন্তু স্থানীয় পত্রিকা দি ক্যাম্বোডিয়া ডেইলি লিখেছে, এমন দাবি যদি করা হয়েও থাকে তা প্রচার মাধ্যমে তেমন একটা ছড়ায়নি! জাতিসংঘ আগ বাড়িয়ে এ কথা বলতে গেল কেন, তা নিয়ে এখন প্রশ্ন উঠতেই পারে। তৃতীয় (এবং সম্ভাব্য চতুর্থ) মামলার পরিণতি কী হবে তা এখনো নিশ্চিত নয়। তবে পুরো প্রক্রিয়াটিই যে সংশয় আর অবিশ্বাসের পাঁকে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই বিশেষ আদালতে রাজনৈতিক চাপ সবসময় প্রভাব ফেলেছে। কম্বোডিয়া সরকারের প্রতিনিধিরা অনেকবারই বলেছেন, তাঁরা চান যেন দ্বিতীয় মামলার পর এ বিচারকাজ শেষ হয়। তবে ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিত্বকারী সংগঠন ও মানবাধিকার গোষ্ঠীগুলোর আশা, আন্তর্জাতিক কর্মকর্তাদের উপস্থিতি এ আদালতের সততা ও বিশ্বস্ততা নিশ্চিত করবে। এখন তাঁদের ভাবনা, দাতা দেশগুলো আসলে ট্রাইব্যুনালের খরচ চালানোর আগ্রহ হারিয়ে ফেলে কেটে পড়ার মওকা খুঁজছে কি না। তবে সবকিছু ছাপিয়ে প্রশ্ন হলো, এসব বিতর্ক পালের গোদা খেমাররুজদের বিচার-প্রক্রিয়াকে সংশয়ের মধ্যে ফেলবে কি না। দাউদ ইসলাম