যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন
যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদ, সাঈদীর ফাঁসি ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছখালি ও স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় দুটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ ১৫ জুলাই পৃথক দুটি মানববন্ধনের আয়োজন করে। এলাকাবাসী ও সংগঠন সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গত বৃহস্পতিবার বিকেলে স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেদারুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাসির উদ্দিনসহ শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া উপজেলা ও পৌরসভা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ একই দিন বিকেল তিনটায় ইছাখালিতে মানববন্ধন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বি কে লিটন চৌধুরীসহ শতাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।